ওয়াকফ অশান্তির মাঝেই মেগা বৈঠকে মমতা, “আমরা শান্তি চাই”- নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বললেন ইমামরা

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজ্যজুড়ে অসন্তোষের আবহে আজ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে ইমাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ানা, সামশেরগঞ্জের মতো এলাকায় হিংসার আগুন জ্বলছে। একইসঙ্গে চাঁপদানি, আমতলা এবং ভাঙড়েও অশান্তির খবর পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিন সকাল থেকেই নেতাজি ইন্ডোরের সামনে আমন্ত্রিত প্রতিনিধিদের ভিড় দেখা যায়। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে তাঁরা সভাস্থলে প্রবেশ করেন। আগত প্রতিনিধিদের মুখে ছিল একাধিক দাবি। তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের বক্তব্য তুলে ধরবেন বলে জানান।
রায়গঞ্জ থেকে আগত এক প্রতিনিধি বলেন, “আমরা শান্তি চাই। আমরা যাতে ডাল-ভাত খেয়ে বাঁচতে পারি, সেটাই আমাদের কামনা।” অন্য একজন প্রতিনিধি জানান, “গণতান্ত্রিক পদ্ধতিতে ওয়াকফ বিল বাতিল করার দাবি আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানাব। আমাদের সুরক্ষা দেওয়া হোক। সকল জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা এই আন্দোলন চালিয়ে যেতে চাই।”
প্রায় সকল প্রতিনিধির মুখেই এদিন ‘শান্তির’ কথা শোনা যায়। তাঁরা রাজ্যের শান্তি বজায় রাখার বার্তা দেন এবং পুলিশের সহযোগিতা কামনা করেন।
তবে, এই পরিস্থিতিতে রাজ্যের শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। মুর্শিদাবাদের হিংসার ঘটনার প্রসঙ্গ টেনে বিজেপি নেতারা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। তাঁদের দাবি, “পুলিশ দর্শক হিসেবে দাঁড়িয়ে থেকেছে। এটাই ওদের কৌশল।”
মুখ্যমন্ত্রীর এই বৈঠকে ওয়াকফ বিতর্ক এবং রাজ্যের সাম্প্রতিক অশান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের দাবি এবং সরকারের প্রতিক্রিয়া এই বৈঠকের মাধ্যমে স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।