হাত ফস্কে চড়কের উপর থেকে সোজা পড়লেন নিচে, বড় দুর্ঘটনা চড়কমেলায়

রাজ্যে গাজন উৎসবের আবহের মধ্যেই ফের ঘটল দুর্ঘটনা। সোনামুখী ব্লকের নিত্যানন্দপুর গ্রামে আজ এক ভক্ত চড়ক থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম ডালিম দাস, তাঁর বাড়ি উত্তর নিত্যানন্দপুরের রাজাপাড়া এলাকায়। এই ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, নিত্যানন্দপুরে পুরনো রীতি মেনে চড়ক উৎসবের আয়োজন করা হয়েছিল। চড়ক ঘোরানোর আগে ডালিম দাস নামক ওই ভক্ত চড়কের কাঠামোগত পরিস্থিতি দেখতে উপরে উঠেছিলেন। সেই সময় হঠাৎই তাঁর হাত ফসকে যায় এবং তিনি নীচে পড়ে যান।

স্থানীয় সূত্রে খবর, গুরুতর আহত অবস্থায় ডালিম দাসকে প্রথমে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বাঁকুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জয়ন্ত বিশ্বাস জানান, “প্রতি বছরই এখানে চড়ক উৎসব হয়। আজ চড়ক থেকে হাত ফস্কে একজন পড়ে গিয়েছেন। তাঁর অবস্থা খুবই খারাপ।”

উল্লেখ্য, এই ঘটনার আগে গতকাল সোমবার রাতেও বাঁকুড়ার ওন্দায় চড়ক ভেঙে পড়ে দুই ভক্ত গুরুতর জখম হয়েছিলেন। পরপর এই ধরনের ঘটনায় গাজন উৎসবের আনন্দ বিষাদে পরিণত হচ্ছে।

স্থানীয়রা উৎসবের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আহত ডালিম দাসের দ্রুত আরোগ্য কামনা করছেন এলাকাবাসী।