পয়লা বৈশাখের আগেই ১ লাখ ছুঁতে পারে সোনার দাম? চিন্তায় সাধারণ মানুষ!

এ যেন এক দৌড়বিদ, বিরামহীন ছুটে চলেছে। থামার নামই নেই। সোনার দামও যেন সেই গতিতেই বাড়ছে, লাগামহীন উর্ধ্বগতিতে। ইতিমধ্যেই ৯০ হাজারের সীমানা পেরিয়ে গেছে সোনার দর, এবং বিশেষজ্ঞরা বলছেন, দাম আরও বাড়তে পারে। বিশ্ববাজার থেকে মিলছে আশঙ্কার সংকেত। আর এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নীতি।

বুধবার, ২ এপ্রিল, ট্রাম্প ঘোষণা করেছেন রেসিপ্রোকাল ট্যারিফ। বিভিন্ন দেশের উপর আলাদা হারে শুল্ক আরোপ করেছেন তিনি। তার এই ঘোষণার পর থেকেই শেয়ারবাজারে ধস নামতে শুরু করেছে, আর সোনার দর ছুঁয়েছে নতুন উচ্চতা। ভারতের বাজারেও এর সরাসরি প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা, ফলে সোনার মূল্য আরও বাড়তে পারে।

বিশেষ করে এশিয়ার দেশগুলির উপরই ট্রাম্পের ট্যারিফের বোঝা বেশি, তাই ভারতের শেয়ার বাজারেও বড়সড় ধাক্কা আসার সম্ভাবনা প্রবল। পুরো এশিয়ার অর্থনীতিতেই এর প্রভাব পড়তে পারে। গতকাল ট্যারিফ ঘোষণার পরেই ন্যাসডাক ফিউচার ৪% কমেছে, অ্যাপেলের শেয়ার পড়েছে ৭%, এস অ্যান্ড পি ৫০০ ফিউচার ৩.৩% এবং নিক্কেই ফিউচার ৪% পতনের সাক্ষী থেকেছে।

অন্যদিকে, আমেরিকাতে লাফিয়ে বাড়ছে সোনার দাম। ট্রাম্পের ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে দেখা দিয়েছে উদ্বেগ। এমনিতেই সোনার দর ঊর্ধ্বমুখী, তার ওপর যদি বিশ্বের বৃহত্তম অর্থনীতিতেই সোনার দাম বাড়ে, তাহলে অন্য দেশগুলোর বাজারও তার প্রভাব থেকে মুক্তি পাবে না। বিশেষজ্ঞদের মতে, ভারতে সোনার দর ৯০ হাজার থেকে লাফিয়ে ১ লাখ ছুঁয়ে ফেলতে পারে।

আজ কলকাতায় ২২ ক্যারেটের সোনার দর দাঁড়িয়েছে ৮৫,০৯০ টাকা, আর ২৪ ক্যারেটের দাম পৌঁছেছে ৯২,৮৩০ টাকায়।