মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে মে মাসেই? জেনেনিন সম্ভাব্য তারিখ কবে?

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে বড় আপডেট দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। পর্ষদ সূত্রে খবর, মে মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে।
এদিকে, নিউজ ১৮ বাংলার একটি প্রতিবেদন অনুযায়ী, আগামী ১২ মে, ২০২৫ (সোমবার) থেকে ২০ মে, ২০২৫ (মঙ্গলবার)-এর মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে, মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি।
পর্ষদ সূত্রে আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই অর্ধেকের বেশি (প্রায় ৫০ শতাংশের বেশি) উত্তরপত্র মূল্যায়ন সম্পন্ন হয়ে পর্ষদের কাছে জমা পড়েছে। বাকি খাতা দেখা শেষ হলেই দ্রুত ফল প্রকাশের প্রক্রিয়া শুরু করা হবে। সাধারণত, মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ফল প্রকাশ করার চেষ্টা করে পর্ষদ। সেই হিসেবে মে মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে ফল প্রকাশ হওয়া স্বাভাবিক।
উল্লেখ্য, গত বছর (২০২৪) মাধ্যমিক পরীক্ষা ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল এবং ফল প্রকাশ করা হয়েছিল ২ মে। পর্ষদ জানিয়েছে, গতবারের মতো এবারও প্রথম দশ স্থানাধিকারীদের মেধা তালিকা প্রকাশ করা হবে।
২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯,৮৪, ৮৯৪ জন, যা গত বছরের তুলনায় ৬২ হাজারের বেশি। রাজ্যজুড়ে ২,৬৮৩টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি, ২০২৫ (সোমবার) এবং শেষ হয়েছিল ২২ ফেব্রুয়ারি, ২০২৫ (শনিবার)।
কীভাবে দেখবেন মাধ্যমিকের রেজাল্ট:
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অন্যান্য বছরের মতোই এবারও অনলাইনে মাধ্যমিকের ফলাফল দেখা যাবে। সাধারণত, ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট wbresults.nic.in এবং www.wbbse.wb.gov.in – এই দুটি ওয়েবসাইটে গিয়ে তাদের রোল নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজাল্ট দেখতে ও ডাউনলোড করতে পারবে।
পর্ষদের পক্ষ থেকে ফল প্রকাশের সঠিক তারিখ ও সময় শীঘ্রই ঘোষণা করা হতে পারে। পরীক্ষার্থীরা নিয়মিত পর্ষদের ওয়েবসাইট এবং নিউজ পোর্টালগুলিতে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।