খোলামেলা পোশাকে আপত্তি কেন? মুখ খুললেন ‘সীতা’ সাই পল্লবী

বলিউডে যখন অভিনেত্রীরা সাহসী পোশাকে একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় মত্ত, তখন সম্পূর্ণ বিপরীত পথে হাঁটছেন সাই পল্লবী। বেশিরভাগ অনুষ্ঠানে এবং এমনকি সিনেমাতেও তাঁকে প্রায়শই শাড়িতে দেখা যায়। কিন্তু এর কারণ কী? শোনা যায়, সাই পল্লবী এই বিষয়ে এতটাই কঠোর যে চরিত্রের প্রয়োজনেও তিনি ছোট পোশাক পরতে রাজি নন। প্রয়োজনে তিনি চরিত্র ছেড়ে দিতেও পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী এই সিদ্ধান্তের পেছনের কারণ জানিয়েছেন।

সাই পল্লবী জানান, তিনি অত্যন্ত রক্ষণশীল পরিবার থেকে এসেছেন। সেই কারণেই তিনি ব্যক্তিগত জীবনে ছোট বা খোলামেলা পোশাক পরা পছন্দ করেন না। তবে এক সময় তিনি ট্যাঙ্গো নাচ শিখতেন। এই নাচের জন্য স্লিট স্কার্ট পরা বাধ্যতামূলক ছিল। পল্লবী লক্ষ্য করতেন, দর্শক তাঁর নাচের দিকে মনোযোগ না দিয়ে কেবল পোশাক নিয়ে মন্তব্য করছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোশাক নিয়ে আলোচনা হত, যা তাঁকে ভীষণ অপমানিত করত। যদিও স্লিট স্কার্ট পরার আগে তিনি তাঁর বাবা-মায়ের অনুমতি নিয়েছিলেন এবং তাঁরাও নাচের প্রয়োজনে বিষয়টি বুঝেছিলেন। কিন্তু সাধারণ মানুষের প্রতিক্রিয়া তাঁকে গভীরভাবে আহত করে।

পল্লবী দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে পোশাক মানুষের ব্যক্তিত্ব নির্ধারণ করে না। কে কী পরেন, তার ওপর ভিত্তি করে কারও ব্যক্তিত্ব বিচার করা উচিত নয়। তিনি এমন পোশাক পরতে চান না যাতে তিনি অস্বস্তি বোধ করেন। শাড়ি বা সালোয়ার কামিজের মতো পোশাকেই তিনি স্বচ্ছন্দ্য বোধ করেন এবং সেই কারণেই তিনি এই ধরনের পোশাক বেছে নিয়েছেন।

প্রসঙ্গত, খুব শীঘ্রই রণবীর কপূরের বিপরীতে ‘রামায়ণ’ ছবিতে সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে। এটি হতে চলেছে তাঁর প্রথম বলিউড সিনেমা। যদিও দক্ষিণী সিনেমায় তাঁর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে, রণবীরের সঙ্গে জুটি বেঁধে তিনি কতটা সাড়া ফেলতে পারেন, তা দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক। ইতিমধ্যেই ছবির বেশ কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে। ছবিতে আর কোন কোন অভিনেতাকে দেখা যাবে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।