OMG! নাবালিকা মেয়েকে দিনের পর দিন ধর্ষণ সৎ বাবার, ঘটনায় ছিঃ ছিঃ করছে সমাজ

দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। কৈলাস নগরের বাসিন্দা এক নাবালিকা দিনের পর দিন তার সৎ বাবার দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ। শেষ পর্যন্ত নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সৎ বাবাকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ। এই ঘৃণ্য অপরাধের জন্য অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকার মানুষজন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার বছর আগে নির্যাতিতার বাবা মারা যান। এরপর তার মা এলাকারই এক ব্যক্তির সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। মায়ের দ্বিতীয় বিয়ের পর থেকে মেয়েটি তার সৎ বাবার সঙ্গেই থাকত। অভিযোগ, সেই সময় থেকেই বাড়িতে মেয়েটিকে একা পেলেই তার উপর দিনের পর দিন শারীরিক ও যৌন নির্যাতন চালাত ওই পাষণ্ড সৎ বাবা।

নির্যাতিতার অভিযোগ, বাড়িতে যখন সে একা থাকত, তখনই তার সৎ বাবা তার উপর নির্যাতন করত। দিনের পর দিন তাকে ধর্ষণ করা হত এবং কাউকে এই অত্যাচারের কথা বললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হত। ভয়ে এতদিন নির্যাতিতা কাউকে কিছুই জানাতে পারেনি।

অবশেষে অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়ে গেলে নির্যাতিতা মুখ খোলে এবং তার মাকে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে জানায়। বিষয়টি জানার পরেই নির্যাতিতার মা আর দেরি না করে কুলতলি থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সৎ বাবাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকার মানুষজন এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।