মেট্রোতে আসন নিয়ে তুলকালাম, ‘আপনি কিন্তু ভাইরাল হয়ে যাবেন’ হুমকির পরেও পাত্তা দিলেন না যুবক!

মেট্রো রেলে নিত্যদিনের চিত্রনাট্য। বসার জায়গা নিয়ে কাড়াকাড়ি, ঠেলাঠেলি, তর্কবিতর্ক যেন রোজকার ঘটনা। তবে সম্প্রতি দিল্লির মেট্রোতে আসন দখল নিয়ে এক পুরুষ ও মহিলা যাত্রীর মধ্যেকার কথোপকথন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। ঝগড়ার বিষয়বস্তু যেমন মজার, তেমনই বাগবিতণ্ডায় যুবকের নির্লিপ্ততা নজর কেড়েছে সকলের। বিশেষ করে, ‘আপনি কিন্তু ভাইরাল হয়ে যাবেন’ – এই হুমকির পরেও নির্বিকার থাকা যুবকের হাবভাব দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।
ভাইরাল হওয়া ভিডিওটি দিল্লির মেট্রোর ব্লু লাইনের জনকপুরী পশ্চিম স্টেশনের কাছাকাছি তোলা হয়েছে বলে জানা গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মেট্রোর সাধারণ আসনে (মহিলাদের জন্য সংরক্ষিত নয়) বসে থাকা এক ব্যক্তিকে উঠে যেতে বলছেন এক মহিলা যাত্রী। কিন্তু আসনটি মহিলাদের জন্য নির্দিষ্ট না হওয়ায় ওই ব্যক্তি প্রথমে রাজি হননি। এরপর একদল মহিলার সঙ্গে তার তর্ক শুরু হয়। তবে, মেজাজ হারিয়ে চিৎকার চেঁচামেচির বদলে যুবক অদ্ভুত শান্ত ও নির্লিপ্ত সুরে কথা বলতে থাকেন।
এক পর্যায়ে এক মহিলা যাত্রীকে ওই যুবককে বলতে শোনা যায়, “আপনি কিন্তু ভাইরাল হয়ে যাবেন!” কিন্তু যুবকের হাবভাব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি এই ধরনের হুমকিতে বিন্দুমাত্র বিচলিত নন। তিনি যেন ‘কুছ পরোয়া নেহি’ ভাব দেখিয়ে যান।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা এই ঘটনা নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন। কেউ হাসির ইমোজি দিচ্ছেন, কেউ আবার যুবকের শান্ত স্বভাবের প্রশংসা করছেন। ঝগড়ার ভিডিওটিতে অনেকেই মজার মজার মন্তব্য করে পরিস্থিতি আরও সরগরম করে তুলেছেন।
ভিডিওতে দেখা যায়, মহিলারা বারবার উঠে যেতে বলা সত্ত্বেও যুবক কিছুক্ষণ আসনে বসে থাকেন। পরে অবশ্য তিনি উঠে দাঁড়ান এবং জানা যায়, পরের স্টেশনেই তিনি নামবেন। উঠে দাঁড়ানোর পর এক মহিলা পুনরায় তাকে সতর্ক করে বলেন, “তুমি ভাইরাল হয়ে যাবে।” উত্তরে যুবক উপহাসের সুরে বলেন, “তুমি পুরো কোচে হট্টগোল তৈরি করেছ। এবার চুপ থাকার চেষ্টা করো। বড় মানুষ হও এবং কিছু ভদ্রতা দেখাও।” যুবকের এই ধরনের মন্তব্যে মেট্রোর অন্য যাত্রীরাও হেসে ফেলেন।
এই ঘটনা ফের একবার প্রমাণ করলো, মেট্রো রেলের নিত্যদিনের ছোটখাটো ঘটনাও সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারে। তবে, এই ক্ষেত্রে যুবকের নির্লিপ্ততা এবং মজার কথোপকথন বিশেষভাবে নজর কেড়েছে।