ফের পর্দায় কপিল, প্রকাশ্যে ‘কিস কিসকো পেয়ার করুঁ ২’-এর প্রথম পোস্টার

কমেডির রাজা কপিল শর্মা আবারও বড় পর্দায় ঝড় তুলতে প্রস্তুত। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর জনপ্রিয় কমেডি ছবি ‘কিস কিসকো পেয়ার করুঁ’-এর সিক্যুয়েল ‘কিস কিসকো পেয়ার করুঁ ২’-এর প্রথম পোস্টার আজ প্রকাশ্যে এল।
শ্যুটিং শুরুর ঘোষণার পর থেকেই এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। নির্মাতারা অবশেষে সেই উত্তেজনার পারদ আরও চড়িয়ে দিলেন ছবির প্রথম ঝলক প্রকাশ করে। পোস্টারে কপিল শর্মাকে তাঁর আগের ছবির মতোই বিভ্রান্ত বর রূপে দেখা যাচ্ছে। তবে প্রথম ছবিতে তাঁর একাধিক স্ত্রী থাকলেও, এই সিক্যুয়েলে তাঁকে কেবল এক রহস্যময় কনের সঙ্গে পোজ দিতে দেখা গেছে। কনের মুখ যদিও পোস্টারে স্পষ্ট নয়, তবে কপিলের পাশে তাঁর উপস্থিতি নতুন কৌতূহল সৃষ্টি করেছে।
কপিল শর্মা ছাড়াও এই ছবিতে মনজ্যোৎ সিং গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। নির্মাতারা আশা করছেন, এই সিক্যুয়েলটি প্রথম ছবির মতোই দর্শকদের মন জয় করে নেবে।
প্রথম পোস্টারটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে কপিল শর্মা ক্যাপশনে লিখেছেন, “ইদ মোবারক #KKPK2।” এই পোস্ট থেকেই স্পষ্ট, ছবিটি সম্ভবত ঈদ উপলক্ষ্যে মুক্তি পেতে পারে।
অনুকল্প গোস্বামী পরিচালিত ‘কিস কিসকো পেয়ার করুঁ ২’ ভেনাস ওয়ার্ল্ডওয়াইড এন্টারটেইনমেন্টের অধীনে আব্বাস মস্তান ফিল্ম প্রোডাকশনের সঙ্গে যৌথভাবে প্রযোজিত হচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে কপিল শর্মা ‘কিস কিসকো পেয়ার করুঁ ২’-এর শুটিং এবং পূজা অনুষ্ঠানের বেশ কিছু ছবি তাঁর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন। সেই সময় তিনি এও জানিয়েছিলেন যে, দর্শকদের বিপুল চাহিদার কথা মাথায় রেখেই এই ছবির সিক্যুয়েল তৈরি করা হচ্ছে।
‘কিস কিসকো পেয়ার করুঁ’-তে কপিলের কমিক টাইমিং এবং ছবির মজাদার প্লট দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। এবার সিক্যুয়েলে নতুন কী চমক থাকে, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। প্রথম পোস্টার প্রকাশের পর ছবিটি নিয়ে আলোচনা আরও তুঙ্গে উঠেছে এবং ঈদ মুক্তি পর্যন্ত দর্শকদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।