UPSC-তে দুর্দান্ত ব়্যাঙ্ক, চাকরির ১০ বছরেই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিবের দায়িত্বে IFS নিধি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব (Private Secretary) পদে নিয়োগ পেলেন নিধি তিওয়ারি। এই নিয়োগে ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি অনুমোদন দিয়েছে। কর্মী ও প্রশিক্ষণ দফতর (DoPT) থেকে এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।
বর্তমানে নিধি তিওয়ারি প্রধানমন্ত্রীর দফতরে (PMO) ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত। এবার তিনি পদোন্নতি পেয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিবের গুরুত্বপূর্ণ দায়িত্বভার গ্রহণ করবেন। এই পদে তিনি লেভেল ১২ পে ম্যাট্রিক্স অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা পাবেন। তাঁর চাকরির মেয়াদ পরবর্তী সরকারি নির্দেশ না আসা পর্যন্ত বহাল থাকবে বলে DoPT-র বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অর্থাৎ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেপুটি সেক্রেটারি হিসেবে কর্মরত থাকার সময়ই পদোন্নতি লাভ করে সরাসরি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিবের পদে আসীন হলেন নিধি তিওয়ারি। DoPT-র বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমান সরকারের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অথবা সরকারের পক্ষ থেকে নতুন কোনও নির্দেশ জারি না হওয়া পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
কে এই নিধি তিওয়ারি?
নিধি তিওয়ারি ২০১৪ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের (IFS) একজন আধিকারিক। তিনি ২০২৩ সালের ৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর দফতরে ডেপুটি সেক্রেটারি হিসেবে যোগদান করেন। এর আগে, ২০২২ সালে তিনি PMO-তে আন্ডার সেক্রেটারি পদে নিযুক্ত ছিলেন।
নিধি তিওয়ারির আদি বাড়ি উত্তরপ্রদেশের বারাণসীর মেহমুরগঞ্জে। উল্লেখযোগ্যভাবে, এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র। তিনি বারাণসী থেকেই UPSC-এর প্রস্তুতি নিয়েছিলেন এবং ২০১৩ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ৯৬তম স্থান অধিকার করেন। IFS-এ যোগদানের পূর্বেও তিনি সরকারি উচ্চপদে আসীন ছিলেন। বারাণসীতে তিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
PMO-তে যোগদানের আগে নিধি তিওয়ারি বিদেশ মন্ত্রকের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত থাকাকালীন তিনি ‘Foreign and Security’ বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কাছে সরাসরি রিপোর্ট করতেন। কর্মজীবনের শুরুতেই একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন এই তরুণ ও দক্ষ আমলা। এবার তিনি সরাসরি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে তাঁর কর্মজীবন এক নতুন উচ্চতায় নিয়ে গেলেন।