বুলেটপ্রুফ কাঁচের আড়ালে ‘ভাইজান’! ঈদে গ্যালাক্সির বারান্দায় সলমনের অন্যরকম শুভেচ্ছা

বক্স অফিসে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিকান্দর’ প্রত্যাশা পূরণে কিছুটা পিছিয়ে থাকলেও, সলমন খানের ঈদ উদযাপনের দীর্ঘদিনের ঐতিহ্যে কোনও ছেদ পড়েনি। প্রতি বছর ঈদের দিনে নিজের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় এসে অগুনতি ভক্তদের শুভেচ্ছা জানানো তাঁর বহু বছরের রীতি। তবে এবছরের চিত্রটা ছিল খানিকটা ভিন্ন! উন্মাদনা ছিল সেই আগের মতোই তুঙ্গে, কিন্তু অভিনেতা ও ভক্তদের মাঝে ছিল একটি অদৃশ্য দেওয়াল – বুলেটপ্রুফ কাঁচ।

আজ, ঈদের সকালে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাদা রঙের কুর্তা-পাজামায় হাসিমুখে বারান্দায় এসে দাঁড়িয়েছেন সলমন খান। তাঁর সঙ্গে ছিল আদরের ছোট্ট ভাগ্নে আহিল এবং ভাগ্নি আয়াত। নীচে অপেক্ষারত অগণিত ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন, ‘নমস্তে’ জানান ‘টাইগার’। শুধু তাই নয়, স্নেহের পরশ বুলিয়ে আয়াতকে কোলে তুলে নেন এবং আহিলের হাত ধরে ভক্তদের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখান।

তবে, সকলের মনে একটাই প্রশ্ন – প্রতি বছর খোলা বারান্দায় এসে দাঁড়ালেও, এবার কেন বুলেটপ্রুফ কাঁচের আড়ালে দেখা গেল সলমনকে? এর কারণ হল, গত দুই বছর ধরে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হিটলিস্টে রয়েছেন তিনি। একাধিকবার তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সেই কারণেই, এবছর ঝুঁকি না নিয়ে কাঁচের সুরক্ষা বেষ্টনীর মধ্যে থেকেই তাঁর অগণিত ভক্তদের ভালোবাসা ও ঈদ-এর শুভেচ্ছা ফিরিয়ে দিলেন ‘ভাইজান’!

ভিডিওতে দেখা যায়, প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য ভক্তদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে। কেউ কেউ তো গাছের ডালেও উঠে পড়েছেন। উল্লাসরত জনতার মধ্য থেকে একটানা ভেসে আসছে ‘সিকান্দর…সিকান্দর’ ধ্বনি। এই বিশেষ মুহূর্তের ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে সলমন খান লিখেছেন, “শুক্রিয়া, ধন্যবাদ এবং সবাইকে ঈদ মোবারক!”

ভক্তদের অফুরান ভালোবাসায় আপ্লুত হলেও, নিজের নিরাপত্তার বিষয়ে কোনওরকম ফাঁক রাখতে চাননি সলমন।

এই মুহূর্তে সলমন খান তাঁর নতুন ছবি ‘সিকান্দর’ নিয়ে আলোচনায় রয়েছেন। যদিও চলচ্চিত্র সমালোচকদের একাংশের মতে ছবির ইমোশনাল দিক কিছুটা দুর্বল, তবে সলমনের নিজস্ব স্টাইল, অ্যাকশন এবং দর্শকদের প্রেক্ষাগৃহে টেনে আনার ক্ষমতা এখনও অটুট রয়েছে বলেই মনে করছেন অনেকে। বক্স অফিসের চূড়ান্ত ফলাফলই এখন দেখার। তবে, ঈদের দিনে গ্যালাক্সির বারান্দায় সলমনের এই অন্যরকম শুভেচ্ছা জানানোর দৃশ্য নিঃসন্দেহে তাঁর ভক্তদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।