নদীর ধারে পূজার সঙ্গে হিরণ! বিধায়কের রিল ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় চর্চা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে টলিউডের পরিচিত মুখ এবং খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। তাঁর সঙ্গে রয়েছেন পূজা নামের এক তরুণী। মনোরম পরিবেশে, সম্ভবত কোনও নদীর ধারে এই রিলটি শুট করা হয়েছে। হিরণের এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা।
একসময়ের জনপ্রিয় এই বাংলা সিনেমার নায়ককে ইদানিং আর বড় পর্দায় তেমন দেখা যায় না। বিধায়ক হিসেবে নিজের দায়িত্ব পালনেই তিনি এখন বেশি মনোযোগী। তবে, তার মাঝেই কেন এই ধরনের রিল তৈরি করলেন হিরণ, সেই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে।
সোমবার এই বিষয়ে মুখ খোলেন হিরণ চট্টোপাধ্যায়। TV9 বাংলাকে তিনি জানান, “আমি বাঁকুড়ার সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামির বাড়িতে গিয়েছিলাম। উনি একজন কৃষক। চাষের কাজের সঙ্গে ওঁর পরিবার যুক্ত। সেখানে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন হয়েছিল, তাই আমার সেখানে যাওয়া। দিবাকরবাবুর দিদির ছেলের বউ হচ্ছেন পূজা। সম্পর্কে তিনি দিবাকরবাবুর ভাগনা-বউমা। সেই সূত্র ধরে পূজা আমার ভাগ্নির মতোই। ওঁদের বাড়িটা নদীর ধারে। তাই পূজার অনুরোধেই আমরা রিল শুট করি। নদীর ধারে আমরা হাঁটছিলাম। আর বাড়ির ছাদে যে রিলটা করা হয়েছে, সেটিও দিবাকরবাবুর বাড়ির ছাদ।”
দুটি রিল ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং টলিপাড়ায় তা নিয়ে জোর আলোচনা চলছে, এই খবর হিরণের কাছে নতুন। তিনি বলেন, “আমার জানা ছিল না, রিল দুটো এরকম ভাইরাল হয়েছে। আপনাদের থেকেই শুনলাম।”
বাংলা সিনেমা থেকে হিরণ সাময়িক বিরতি নিলেও, এই রিল ভিডিওতে তাঁর অনুরাগীরা বিভিন্ন মন্তব্য করেছেন। অনেকেই অভিনেতাকে আবারও বড় পর্দায় দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। একজন অনুরাগী লিখেছেন, “কিছু স্বপ্ন গানে আপনাকে দেখে দারুণ লাগল। বাংলা ছবিতে আপনি আবার নিয়মিত কাজ করুন, সেটাই চাই।”
উল্লেখ্য, রাজনীতির ময়দানে দেব এবং হিরণ একে অপরের প্রবল প্রতিপক্ষ। গত লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্রে এই দুই তারকার লড়াই ছিল নজরকাড়া। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার আবহে হিরণের এই ভাইরাল রিল নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে, অভিনেতা স্পষ্ট করেছেন যে এই রিলটি নিতান্তই পারিবারিক আবহে তৈরি এবং এর অন্য কোনও উদ্দেশ্য নেই। এখন দেখার বিষয়, এই ভিডিও নিয়ে আরও কী জলঘোলা হয়।