“সেপ্টেম্বরেই অবসর নেবেন মোদী?”-বিস্ফোরক দাবি করলেন শিবসেনার সঞ্জয় রাউত

রবিবার নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রতিষ্ঠাতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে বৈঠকের পর তিনি দীক্ষাভূমিতে বাবাসাহেবের প্রতিও শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর এই নাগপুর সফরকে কেন্দ্র করে সোমবার বিস্ফোরক মন্তব্য করলেন শিবসেনা-ইউবিটি নেতা সঞ্জয় রাউত। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সেপ্টেম্বর মাসেই অবসর নিতে চলেছেন এবং তাঁর উত্তরসূরি হবেন মহারাষ্ট্রের কেউ। এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সঙ্ঘ পরিবার।
সঞ্জয় রাউত এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী মোদীর পরবর্তী উত্তরসূরি মহারাষ্ট্র থেকেই হবেন এবং সঙ্ঘ পরিবার সেই সিদ্ধান্ত নেবে। এমনকি বিজেপির জাতীয় সভাপতির পদও সঙ্ঘই ঠিক করবে। এটা স্পষ্ট যে সঙ্ঘ যাকে চাইবে তিনিই বিজেপির সভাপতি হবেন। ১০ বছর পর নাগপুরে গিয়ে সরসঙ্ঘচালকের সঙ্গে দেখা করা মোদীর পক্ষে কোনও সাধারণ বিষয় নয়।’
সঙ্ঘ পরিবার দেশের নেতৃত্বে পরিবর্তন চায় – রাউত
রাউতের আরও দাবি, ‘সম্ভবত তিনি (মোদী) আরএসএস সদর দফতরে গিয়েছিলেন সেপ্টেম্বরে অবসরের আবেদনপত্র লিখতে। আমার জানা তথ্য অনুযায়ী, গত ১০-১১ বছরে মোদীজি কখনও সেখানে যাননি। এবার মোদীজি বলতে গিয়েছিলেন যে তিনি মোহন ভাগবতজিকে বলতে যাচ্ছেন যে তিনি টাটা-বাই-বাই বলছেন।’ রাউত জোর দিয়ে বলেন, ‘এখন আরএসএস সম্পর্কে আমি দুটি জিনিস বুঝতে পেরেছি। প্রথমত, সঙ্ঘ পরিবার দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। দ্বিতীয়ত, এখন মোদীজির সময় শেষ এবং তাঁরা দেশে পরিবর্তন চান।’
রাউতের অভিযোগের জবাব দিলেন ফড়নবিশ
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ অবশ্য সঞ্জয় রাউতের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘দেখুন, মোদীজি ২০২৯ সালেও প্রধানমন্ত্রী হবেন। মুঘলদের মধ্যে এমনটা ঘটে যে বাবা জীবিত থাকে আর ছেলে রাজা হয়। যতটুকু আমার নামের ক্ষেত্রে বলতে পারি, আমি প্রধানমন্ত্রী পদের কোনও দৌড়ে নেই।’
আরএসএস এবং প্রধানমন্ত্রীর মধ্যে কোনও ব্যবধান নেই – ভাইয়াজি জোশী
অন্যদিকে, আরএসএস নেতা সুরেশ ভাইয়াজি জোশী প্রধানমন্ত্রী মোদীর সঙ্ঘ দফতরে যাওয়াকে স্বাভাবিক ঘটনা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী মোদী) অনেক মহৎ কাজ করছেন এবং সমর্থন করছেন, এটা তাঁর স্বভাবগত বৈশিষ্ট্য এবং ভালো দিক যে তিনি মাধব নেত্রালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।’ আরএসএস এবং প্রধানমন্ত্রী মোদীর মধ্যে দূরত্ব বেড়েছে কিনা, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কোনও ব্যবধান নেই; এই সবই সংবাদ মাধ্যমের সৃষ্টি।’
মোদীর বয়স এবং বিজেপির নিয়ম
এই বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ বছর পূর্ণ হবে। বিজেপিতে একটি অলিখিত নিয়ম রয়েছে যে ৭৫ বছর পেরোনো নেতারা সাধারণত তরুণ প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দেন। যদিও এর কিছু ব্যতিক্রমও দেখা যায়। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরপ্পা ৮০ বছর বয়সেও দলের বিধায়ক হিসেবে সক্রিয় রয়েছেন। তবে সঞ্জয় রাউতের এই মন্তব্য নতুন করে জাতীয় রাজনীতিতে জল্পনা সৃষ্টি করেছে।