ইন্দিরা-রাজীব-সঞ্জয়ের মৃত্যু কি নিছক কাকতালীয়? সোনিয়াকে নিয়ে বিস্ফোরক কঙ্গনা রানাউতের!

কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A journey of Love) ঘিরে রাজনৈতিক পারদ যখন চড়ছে, ঠিক তখনই এক চরম বিতর্কিত মন্তব্য করে বসল বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত। সনিয়া গান্ধীকে সরাসরি ‘রহস্যময়ী বিদেশি নারী’ বলে আক্রমণ করার পাশাপাশি, গান্ধী পরিবারে একের পর এক মৃত্যুর ঘটনা নেহাত কাকতালীয় কি না, তা নিয়ে প্রকাশ্যে বড় প্রশ্ন তুলে দিলেন তিনি।

ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিলেন কঙ্গনা

সনিয়ার এই আত্মজীবনী প্রকাশের পর থেকেই বইয়ের বিভিন্ন অংশ নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া। এই আবহেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সোনিয়া গান্ধীকে কাঠগড়ায় তোলেন কঙ্গনা। তাঁর দাবি, ইতালি থেকে সোনিয়ার ভারতে আগমন, গান্ধী পরিবারে প্রবেশ এবং পরিবারের একের পর এক সদস্যের রহস্যজনক মৃত্যু— পুরো ঘটনাক্রমটি অত্যন্ত সন্দেহজনক।

গবেষণার সূত্র ধরেই কি এই প্রশ্ন?

কঙ্গনা তাঁর পোস্টে উল্লেখ করেছেন, সম্প্রতি নিজের ‘ইমার্জেন্সি’ (Emergency) ছবির শুটিং ও চিত্রনাট্যের জন্য ভারতীয় রাজনীতি এবং গান্ধী পরিবারকে নিয়ে তাঁকে গভীর গবেষণা করতে হয়েছিল। সেই গবেষণার সময় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ও প্রশ্ন তাঁর হাতে এসেছে, যা এতদিন সাধারণ ভারতীয়দের নজর এড়িয়ে গিয়েছে।

আন্তর্জাতিক মহলে সদ্য চর্চায় আসা এনভিডিয়া (Nvidia) কর্ণধার জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্ক এবং চিনা নাগরিক অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর যোগসূত্র বা ‘চিনা স্পাই’ তত্ত্বের প্রসঙ্গ টেনে কঙ্গনা প্রকারান্তরে সোনিয়া গান্ধীর সঙ্গে তার তুলনা টেনেছেন। তিনি লিখেছেন, “সবাই যখন এনভিডিয়ার মধুচক্র বিতর্ক নিয়ে ব্যস্ত, তখন আমার গবেষণার সময় একটা বিষয় কিছুতেই মাথায় ঢোকেনি— গান্ধী পরিবারে একজন রহস্যময়ী বিদেশি নারীর আগমন ঘটল; আর তারপর একে একে ইন্দিরা গান্ধী খুন হলেন, প্রাণ হারালেন তাঁর সম্ভাব্য উত্তরাধিকারী সঞ্জয় গান্ধী ও রাজীব গান্ধীও!”

‘সব শেষে ক্ষমতার দাবিদার এক বিদেশি নারী!’

কঙ্গনার অভিযোগ, পরিবারের একের পর এক সদস্যের মৃত্যুর পর শেষ পর্যন্ত ক্ষমতার একমাত্র দাবিদার হয়ে উঠলেন ওই বিদেশি নারী তথা সোনিয়া গান্ধী নিজে। এই প্রসঙ্গে তোপ দেগে কঙ্গনা লেখেন, “এত কিছু হওয়ার পরও একবারও কারও মাথায় এল না যে এই সমস্ত কাকতালীয় ঘটনা একটু বেশিই হচ্ছে না কি?”

সোনিয়ার রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি সাংসদের আরও দাবি, একজন বিদেশি নারী হওয়া সত্ত্বেও তিনি প্রকাশ্যে বিদেশি অ্যাজেন্ডা প্রচার করেছেন এবং সন্ত্রাসবাদীদের জন্য তথাকথিত ‘কুম্ভীরাশ্রু’ ঝরিয়েছেন। অথচ ২০১৪ সালে রাজনৈতিক পালাবদল ঘটার আগে পর্যন্ত দশকের পর দশক ধরে তিনি একচ্ছত্রভাবে দেশ পরিচালনা করেছেন।

মেনকা গান্ধীকে নিয়ে বিস্ফোরক দাবি

পাশাপাশি, সঞ্জয় গান্ধীর স্ত্রী মেনকা গান্ধীকে নিয়েও চাঞ্চল্যকর মন্তব্য করেছেন কঙ্গনা। তাঁর দাবি, মেনকা সম্পূর্ণ অসহায় ছিলেন। ভালোবেসে সঞ্জয়কে বিয়ে করলেও, স্বামীর মৃত্যুর পর সন্তান কোলে নিয়ে তাঁকে জোর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, সনিয়া গান্ধী তাঁর আত্মজীবনীতে মেনকা গান্ধীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে নিজের মতো করে সাফাই দিলেও, কঙ্গনার এই আক্রমণাত্মক পোস্ট ঘিরে এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *