জলের রিজার্ভার নির্মাণে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু! দুর্ঘটনা ঘটে আসানসোলে

আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত ইসমাইল এলাকায় একটি মাটির নীচে জলাধার নির্মাণের সময় বিষাক্ত গ্যাসের কারণে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। মৃত শ্রমিকদের উদ্ধার করতে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে তাদের মৃতদেহ আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

প্রকাশ বার্নওয়াল নামে এক ব্যক্তি তাঁর বাড়ির সিঁড়ির তলায় একটি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরি করাচ্ছিলেন। সোমবার সকালে, অন্যান্য দিনগুলির মতো, নির্মাণ কর্মীরা কাজে যোগ দেন। কাজ চলাকালীন, ঢালাই হয়ে যাওয়ার পর বাঁশ এবং কাঠের পাটা খুলতে এক শ্রমিক মাটির নীচে নামেন। কিন্তু তিনি নীচে নামতেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। বেশ কিছুক্ষণ পর ওই শ্রমিকের কাছ থেকে কোনো আওয়াজ না পেয়ে, অন্য এক নির্মাণকর্মী তাঁকে উদ্ধার করতে নীচে নামেন। কিন্তু তিনিও সেখানে পৌঁছানোর পর অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান।

এরপর অন্য কর্মীরা ভয় পেয়ে উদ্ধার করতে নামেননি। ঘটনা জানার পর পুলিশ এবং দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীরা অনেক চেষ্টা করে মৃতদেহ দুটি উদ্ধার করেন। আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর দু’জনকেই মৃত ঘোষণা করা হয়।

প্রাথমিকভাবে দমকল কর্মীদের ধারণা, মাটির তলায় বিষাক্ত গ্যাসের উপস্থিতি এই দুর্ঘটনার কারণ হতে পারে। স্থানীয় বাসিন্দা সম্পদ গঙ্গোপাধ্যায় জানান, “সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, দু’জন শ্রমিক নীচে পড়ে আছেন। এরপর দমকল কর্মীরা তাঁদের উদ্ধার করে নিয়ে যান। তারা স্থানীয় ঘুরঘুটিপাড়া এলাকার বাসিন্দা।”

হীরাপুর থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এটি একটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে এবং বিষাক্ত গ্যাসের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে, ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ জানার জন্য পুলিশ ও দমকলের পক্ষ থেকে তদন্ত চলছে।