চোখের পলকে লাইন থেকে ছিটকে গেল বগি! জোড়া ট্রেন দুর্ঘটনায় দেশজুড়ে আতঙ্ক

বুধবার সাতসকালে অসমের গুয়াহাটির কাছে কলকাতা-সৈরাং এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আর এক বড়সড় রেল দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। বুধবার দুর্ঘটনাস্থল বদলালেও ছবিটা রইল হুবহু এক। গুয়াহাটির পর এবার উত্তরপ্রদেশের কানপুর সেন্ট্রাল রেল স্টেশনে লাইনচ্যুত হয়ে গেল গোরক্ষপুরগামী জনপ্রিয় ট্রেন চৌরি চৌরা এক্সপ্রেস। আচমকাই ট্রেনের ৪টি বগি বেলাইন হয়ে যাওয়ায় মুহূর্তের মধ্যে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কানপুর স্টেশনে বড় বিপত্তি

রেল সূত্রে খবর, বুধবার সকালে উত্তরপ্রদেশের অন্যতম ব্যস্ত জংশন কানপুর সেন্ট্রাল রেল স্টেশনের কাছেই হঠাৎ লাইন থেকে চ্যুত হয় চৌরি চৌরা এক্সপ্রেস (Chauri Chaura Express)। ট্রেনটি গোরক্ষপুরের দিকে যাওয়ার পথেই এই বিপত্তি ঘটে। ট্রেনটির অন্তত ৪টি কামরা লাইন থেকে সটকে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে শুরু করেন।

এক দিনে জোড়া ট্রেন দুর্ঘটনা

এর আগে বুধবার সকালেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কলকাতা-সৈরাং এক্সপ্রেস। অসমের গুয়াহাটি থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে ডিগারুর কাছে সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ ট্রেনটি আচমকাই লাইনচ্যুত হয়। ওই দুর্ঘটনায় ট্রেনের মোট ৬টি কামরা বেলাইন হয়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। সেই রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশে ফের ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলের নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

ঘটনার খবর পাওয়ার পরেই রেলের উচ্চপদস্থ আধিকারিক ও উদ্ধারকারী দল দ্রুত কানপুর স্টেশনে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় লাইন পরিষ্কার ও আটকে থাকা যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। ঘন ঘন এই ধরনের রেল দুর্ঘটনায় দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক দানা বাঁধছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *