“ভাগ্যক্রমে বেঁচে গেছি”-হাঁটুতে গুলি লাগার সেদিনের ঘটনা জানালেন গোবিন্দা

বলিউড অভিনেতা গোবিন্দ সম্প্রতি উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পূজা দিতে যান। নানা বিতর্ক এবং ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপ্টার মধ্যে অভিনেতার এই মন্দির দর্শন তাৎপর্যপূর্ণ। মন্দিরের অভ্যন্তরে প্রায় বিশ মিনিট ধরে পূজা দেন তিনি। পূজা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের কঠিন সময়ের কথা এবং সম্প্রতি পায়ে গুলি লাগার অভিজ্ঞতার কথা ভাগ করে নেন অভিনেতা।
জীবনের কঠিন মুহূর্তগুলি পেরোনোর অভিজ্ঞতা বর্ণনা করে গোবিন্দ বলেন, ‘কিছুদিন আগে একটি দুর্ঘটনায় আমার পায়ে গুলি লেগেছিল। তবে বাবা মহাকালের কৃপায় আমি এখন সম্পূর্ণ নিরাপদ। আমি বসেছিলাম, হঠাৎ কাছে রাখা ফাইলের উপর বন্দুকটি পড়ে যায় এবং আচমকা গুলি বেরিয়ে আসে। সেই গুলি আমার বুকে বা পেটেও লাগতে পারত। কিন্তু ঈশ্বরের কৃপায় সেটি আমার পায়ের পাতার মধ্যে দিয়ে বেরিয়ে আমার হাঁটুতে আটকে যায়। মহাকালের কৃপাতেই আমি গুরুতর আঘাত থেকে রক্ষা পেয়েছি।’
তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন গোবিন্দ। তিনি বলেন, ‘আমি এর আগেও অনেক ভয়ানক দুর্ঘটনা থেকে বেঁচেছি। একবার আমি একটি বহুতলের বারান্দা থেকে পড়ে যাচ্ছিলাম, কিন্তু ঈশ্বরের কৃপায় আমার কিছুই হয়নি।’ এই প্রসঙ্গে তিনি সকল সন্তানদের উদ্দেশ্যে বলেন, ‘সবসময় তোমাদের পিতামাতার সেবা করো। এতেই তোমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করবে।’
প্রসঙ্গত, কিছুদিন ধরেই অভিনেতা গোবিন্দ নানা কারণে সামাজিক মাধ্যমে চর্চায় ছিলেন। কয়েক মাস আগে তার পায়ে গুলি লাগে এবং স্ত্রী সুনীতা আহুজার কিছু মন্তব্যের জেরে তাদের বিবাহ বিচ্ছেদের জল্পনাও ছড়িয়েছিল। তবে এই কঠিন সময় কাটিয়ে উঠে অভিনেতার মহাকালেশ্বর মন্দিরে পূজা দিতে যাওয়া ভক্তদের মধ্যে এক নতুন আলোচনার সৃষ্টি করেছে।