চেন্নাইয়ের স্টেডিয়ামে আজ রাতে মুখোমুখি ব্রাজিলিয়ান কিংবদন্তি ও ভারতীয় তারকারা

আজ সন্ধেবেলা চেন্নাইয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে এক ঐতিহাসিক প্রীতি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল লেজেন্ডস দল এবং ইন্ডিয়া অল স্টার দল। ভারতীয় ফুটবলের ইতিহাসে এমন ম্যাচ সত্যিই বিরল। যেখানে ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকারা ভারতীয় ফুটবলের কিংবদন্তিদের বিরুদ্ধে মাঠে নিজেদের পায়ের জাদু দেখাবেন। দুই দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে এক নতুন যোগসূত্র তৈরি করতেই এই বিশেষ ম্যাচের আয়োজন করা হয়েছে।

ব্রাজিল লেজেন্ডস দলে কারা থাকছেন?

ব্রাজিলের সোনালী অতীতকে তুলে ধরতে মাঠে নামবেন ২০০২ বিশ্বকাপ ফাইনালজয়ী দলের একাধিক তারকা। এই দলে দেখা যাবে রিভাল্ডো, রোনাল্ডিনহো এবং কাফুকে। এছাড়াও থাকছেন গিলবার্তো সিলভা, এডমিলসন, মার্সেলো, ভিওলা, জিওভানি, জুনিয়র অ্যালেক্স ফেরো, লুসিও, আমারাল, জর্জিনহো, দিয়েগো গিল, গোমেস, পাওলো সার্জিও, কামানদুকাজা, এলিভেল্টন, রিকার্ডো অলিভিয়েরা, কাকাপা এবং ক্লেবারসন। ১৯৯৪ এবং ২০০২ সালের বিশ্বকাপজয়ী দলের ফুটবলারদের নিয়ে গড়া এই ব্রাজিল লেজেন্ড দলের কোচ হিসেবে ভারতে এসেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক দুঙ্গা। যদিও অতীতে রোনাল্ডিনহো কলকাতায় এসেছিলেন, তবে সেটি ছিল একটি পুজোর অনুষ্ঠানে। ফুটবলপ্রেমীরা তাকে বিভিন্ন ফুটবল উৎসবে অংশ নিতে দেখেছেন, কিন্তু ফুটবল মাঠে কিংবদন্তিদের বিরুদ্ধে তাকে খেলতে দেখার অভিজ্ঞতা এই প্রথম। একসঙ্গে ব্রাজিলের এত তারকাকে ভারতের মাটিতে খেলতে দেখা এক বিরল সুযোগ।

কখন শুরু হবে এই বহু প্রতীক্ষিত ম্যাচ?

ব্রাজিল লেজেন্ডস বনাম ইন্ডিয়া অল স্টার্সের এই প্রীতি ম্যাচটি আজ, অর্থাৎ ৩০শে মার্চ, ২০২৫ তারিখ, সন্ধে ৭টায় শুরু হবে।

কোথায় দেখা যাবে লাইভ সম্প্রচার?

এই ম্যাচটির টেলিভিশন সম্প্রচার থাকছে না। তবে, ফুটবলপ্রেমীরা ফ্যানকোড (FanCode) অ্যাপের মাধ্যমে অনলাইনে সরাসরি এই খেলা দেখতে পারবেন। এছাড়াও, এইচটি বাংলার ওয়েবসাইটেও এই ম্যাচের লাইভ ব্লগিং এর মাধ্যমে সমস্ত আপডেট পাওয়া যাবে।

ভারতীয় দলে কারা খেলবেন?

ইন্ডিয়া অল স্টার্স দলের হয়ে মাঠে নামবেন মেহতাব হোসেন, অ্যালভিটো ডি কুনহা, সৈয়দ রহিম নবি, করণজিত সিং, ধরমরাজ রাভানান, শুভাশিস রয় চৌধুরি, মেহরাজউদ্দিন ওয়াদু, অর্ণব মণ্ডল, এনপি প্রদীপ, বিবিয়ানো ফার্নান্দেজ, মহেশ গাওলি এবং এ বেঙ্কটেশ। ইন্ডিয়া অল স্টার দলের কোচের দায়িত্বে দেখা যাবে প্রশান্ত বন্দ্যোপাধ্যায়কে। ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব কে সামলাবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি, তবে প্রাক্তন জাতীয় দলের অধিনায়ক আইএম বিজয়নও এই দলে থাকতে পারেন বলে আশা করা হচ্ছে।

ফুটবল প্লাস প্রফেশনাল সকার অ্যাকাডেমি এবং ব্রাজিল সকার অ্যাকাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এই ম্যাচটি ভারতীয় ফুটবলের ইতিহাসে এক নতুন মাইলফলক তৈরি করবে, এমনটাই আশা করছেন ফুটবলপ্রেমীরা।