বরুণ দাস: ‘সবথেকে প্রশংসিত রাষ্ট্রনেতা প্রধানমন্ত্রী মোদী’, WITT সম্মেলনে বললেন TV9-এর এমডি-সিইও

শুক্রবার, দিল্লির ভারত মণ্ডপমে শুরু হল TV9 নেটওয়ার্কের আন্তর্জাতিক সম্মেলন ‘হোয়াট ইন্ডিয়া থিংকস টুডে’। সম্মেলনের প্রথম দিনেই উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। TV9 নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস সম্মেলনের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী মোদীর ‘বিকশিত ভারত’ লক্ষ্যের সঙ্গে সংযুক্ত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
বরুণ দাস তার বক্তব্যে বলেন, “আমরা জানি, প্রধানমন্ত্রী মোদীর মূল লক্ষ্য হলো ‘ইন্ডিয়া ফার্স্ট’। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে তিনি তিনটি মূল বিষয়কে গুরুত্ব দিয়েছেন। প্রথমত, ভারতের যুবশক্তি, দ্বিতীয়ত, ভারতের নারীশক্তি, এবং তৃতীয়ত, প্রবাসী ভারতীয়দের ভূমিকা।”
নারী শক্তির প্রসঙ্গে বরুণ দাস বলেন, “সমাজের সকল ক্ষেত্রে মূল ভিত্তি হওয়া উচিত নারী ক্ষমতায়ন এবং নারী নেতৃত্বাধীন উন্নয়ন।” তিনি জানান, গত বছর TV9 নেটওয়ার্ক জার্মানিতে ‘নিউজ নাইন গ্লোবাল সামিট’ আয়োজন করেছিল এবং চলতি বছরের অক্টোবরে এই সম্মেলন আরও বড় আকারে অনুষ্ঠিত হবে, যেখানে আমেরিকা ও আরব আমিরশাহীর মতো দেশগুলিকেও অন্তর্ভুক্ত করা হবে।
প্রবাসী ভারতীয়দের ভূমিকা নিয়ে বরুণ দাস বলেন, “প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য লন্ডন, মিউনিখ, আবু ধাবি, মেলবোর্ন এবং প্যারিসের মতো পাঁচ শহরে সম্প্রচার করা হবে, যেখানে প্রবাসী ভারতীয়রা জড়ো হয়েছেন।”
এরপর, যুবশক্তি এবং শিশুদের প্রতি প্রধানমন্ত্রী মোদীর ভালোবাসা নিয়ে বরুণ দাস বলেন, “যখনই প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে দেখা করেন, তখনই এক অন্য রসায়ন তৈরি হয়। আমি ভাবি, প্রধানমন্ত্রী কি শিশুদের বেশি ভালোবাসেন, নাকি শিশুরা প্রধানমন্ত্রীকে বেশি ভালোবাসে।” এই প্রসঙ্গে তিনি TV9 নেটওয়ার্কের ন্যাশনাল স্কাউটিং প্রোগ্রাম এবং ফুটবল নিয়ে তার অবদানের কথাও উল্লেখ করেন।
বরুণ দাস বলেন, “৯ মাস আগে আমরা একটি ন্যাশনাল স্কাউটিং প্রোগ্রাম শুরু করি, যেখানে ফুটবল খেলায় উদ্বুদ্ধ করা হয়। স্বামী বিবেকানন্দের কথায় অনুপ্রাণিত হয়ে ফুটবলকে নির্বাচিত করা হয়েছিল, কারণ তিনি বলেছিলেন, গীতাপাঠ করার থেকে ফুটবল খেললে স্বর্গের কাছাকাছি যাওয়া যায়। আজ সেই ফুটবলাররা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং আশীর্বাদ পেয়েছেন।”
প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে বরুণ দাস বলেন, “প্রধানমন্ত্রী মোদী সবসময় বলেন ‘ইন্ডিয়া ফার্স্ট’। কখনও ‘ইন্ডিয়া ওনলি’ নয়। মোদীর কথার মধ্যে আবারও আমি স্বামী বিবেকানন্দের কথা মনে করি, যিনি শিকাগোতে তার বিখ্যাত বক্তব্যের মাধ্যমে গোটা বিশ্বের মন জয় করেছিলেন।”
বরুণ দাস আরও বলেন, “গ্রেট লিডারদের মধ্যে তিনটি গুণ থাকা প্রয়োজন: বুদ্ধিমত্তা, হৃদয় দিয়ে কথা বলা এবং বিশ্বের ভাল কিসে হবে, তা বোঝার ক্ষমতা।” ভারতকে ‘বিশ্ববন্ধু’ বা ‘ইউনিভার্সাল ফ্রেন্ড’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদী আজকের দিন পর্যন্ত বিশ্বের সবচেয়ে প্রশংসিত রাষ্ট্রনেতা।”
সবশেষে, বরুণ দাস নেপোলিয়ন বোনাপার্টের উক্তি উল্লেখ করে বলেন, “The heart of a statesman must be in his head” – অর্থাৎ, রাষ্ট্রনেতার হৃদয় তাঁর মস্তিষ্কে থাকতে হবে।
এদিনের সম্মেলনটি ভারতীয় রাজনীতি, সমাজ এবং আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগ করে দিয়েছে।