“কলকাতা এখন কর্মসংস্থানের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠছে”- লন্ডন থেকে বললেন মমতা

বাংলা এগিয়ে চলেছে দৃপ্ত পদক্ষেপে। দেশের মধ্যে আত্মবিশ্বাসী ভাবে অবস্থান করছে, নজর কাড়ছে বিশ্বদরবারেও। লন্ডনের মাটিতে দাঁড়িয়ে বাংলার উন্নয়নের চিত্র পরিসংখ্যানসহ তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প কীভাবে সমাজ বদলের পথ তৈরি করছে, তা স্পষ্ট করলেন তাঁর বক্তব্যে। পাশাপাশি, ভারত ও ব্রিটেনের ঐতিহাসিক সম্পর্কের কথাও তুলে ধরেন। বিশেষভাবে প্রশংসা করেন বাংলার ছাত্রসমাজের, উল্লেখ করে বলেন, “আমাদের ছাত্ররা অত্যন্ত মেধাবী, তারাই ভবিষ্যতের পথপ্রদর্শক।”
সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে ভাষণ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, “বাংলায় ৯৭টি সামাজিক সুরক্ষা প্রকল্প চালু রয়েছে। জন্ম থেকে মৃত্যু— প্রতিটি ধাপে আমরা মানুষের পাশে থাকি। অনেকসময় পরিবারগুলি প্রিয়জনের শেষকৃত্যও সম্পন্ন করতে পারে না অর্থের অভাবে, সেই কারণেই আমরা ‘সমব্যথী’ প্রকল্প চালু করেছি, যাতে সবার শেষযাত্রা সম্মানের সঙ্গে সম্পন্ন হয়।”
শুধু সমাজকল্যাণ নয়, বাংলার শিল্পায়ন ও কর্মসংস্থান নিয়েও এদিন পরিসংখ্যান তুলে ধরেন মমতা। তিনি বলেন, “কলকাতা এখন কর্মসংস্থানের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠছে। বিগত কয়েক বছরে রাজ্যে বেকারত্বের হার ৪৬ শতাংশ হ্রাস পেয়েছে। ১ কোটি ৭৫ লক্ষ মানুষ দারিদ্রসীমার নিচ থেকে উঠে এসেছেন। বাংলায় নতুন নতুন শিল্প আসছে, কৃষি ও যুবসমাজের ভবিষ্যত নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। প্রতি দু’বছর অন্তর আমরা বিশ্ব বাণিজ্য সম্মেলন আয়োজন করি, যার মাধ্যমে ইতিমধ্যেই ২৩ লক্ষ মিলিয়ন বিনিয়োগের প্রস্তাব এসেছে।”
মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বাংলার সামগ্রিক উন্নয়নের দৃষ্টিভঙ্গি, যেখানে সমাজকল্যাণ ও শিল্পায়ন সমান তালে এগিয়ে চলেছে।