বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড সফরে প্রধানমন্ত্রী “মোদী”

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩ থেকে ৪ এপ্রিল ব্যাংকক সফরে যাচ্ছেন। সফরের মূল উদ্দেশ্য ৪ এপ্রিল অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ বিমস্টেক (BIMSTEC) শীর্ষ সম্মেলনে যোগদান। এটি প্রধানমন্ত্রী মোদীর তৃতীয় থাইল্যান্ড সফর হতে চলেছে।
বিমস্টেক (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) সংস্থার অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এই সম্মেলন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০২২ সালের মার্চ মাসে এই শীর্ষ সম্মেলন শ্রীলঙ্কার কলম্বোতে ভার্চুয়ালি আয়োজিত হয়েছিল। তবে এবার সরাসরি নেতারা বৈঠকে মিলিত হবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, থাইল্যান্ড সফর শেষে প্রধানমন্ত্রী মোদী ৪ থেকে ৬ এপ্রিল শ্রীলঙ্কা সফর করবেন। তাকে আমন্ত্রণ জানিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়কা। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করাই এই সফরের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
কী নিয়ে আলোচনা হতে পারে?
বিশেষজ্ঞদের মতে, বিমস্টেক সম্মেলনে বাণিজ্য, নিরাপত্তা, সংযোগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়গুলিতে গুরুত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি, ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’ নীতির অংশ হিসেবে শ্রীলঙ্কার সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করার দিকেও নজর থাকবে।
এই সফর ভারতের জন্য কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলির সঙ্গে সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি, আঞ্চলিক সহযোগিতাকে আরও মজবুত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদীর এই দুই দেশ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।