‘‌বাড়ি থেকে বের করে মারব, না হলে….’‌,- TMC-র উদ্দেশে রণংদেহী মেজাজ দিলীপ ঘোষের

বিতর্ক যেন তাঁর নিত্যসঙ্গী। একদিন আগেই মহিলাদের উদ্দেশে কটূক্তি করেছিলেন, এবার শাসকদলকে খোলা হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। খড়গপুরের ৬ নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধন করতে গিয়ে তিনি ফের আক্রমণাত্মক মন্তব্য করেন।

শুক্রবার এক মহিলা তাঁকে প্রশ্ন করেছিলেন, “আপনি হঠাৎ কেন এখানে এলেন? অন্য সময় তো দেখা যায় না।” এই প্রশ্ন শুনেই দিলীপ ঘোষ ক্ষুব্ধ হয়ে বলেন, “টাকা দিয়েছি, কারও বাপের টাকা নয়। চোদ্দো পুরুষ তুলব।”

এই মন্তব্য ঘিরে বিতর্ক যখন চরমে, তখনই শনিবার আরও বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব, কিন্তু মেজাজ ছাড়ব না। এবার যদি বাড়াবাড়ি হয়, তবে বা‌ড়ি থেকে বের করে মারব, না হলে চৌরাস্তায় দাঁড় করিয়ে মারব।”

এই মন্তব্য ঘিরে রেল শহর খড়গপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। তৃণমূল কংগ্রেস এই মন্তব্যের কড়া নিন্দা করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের মন্তব্য জনস্বার্থমূলক না হয়ে বরং হুমকিমূলক হয়ে দাঁড়াচ্ছে।

দলের শোকজের পরও নিজের অবস্থানে অনড় দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, “যারা ভয় পেয়ে ল্যাজ গুটিয়ে ঘরে বসে থাকে, তাদের কাছ থেকে আমাকে সার্টিফিকেট নিতে হবে না।”

বিতর্ক যতই হোক, দিলীপ ঘোষ যে তাঁর আগ্রাসী মেজাজ বজায় রেখেই চলবেন, তা স্পষ্ট হয়ে গেছে।