হিথরো বিমানবন্দরে বিধ্বংসী আগুন, ১৩০০টির বেশি বিমান বাতিলের আশঙ্কা

লন্ডনের হিথরো বিমানবন্দরের বিদ্যুৎ কেন্দ্রে শুক্রবার বিধ্বংসী আগুন লাগে, যার ফলে গোটা বিমানবন্দর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে শুক্রবারের প্রায় ১৩০০টি বিমান বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই, বিমানবন্দরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত কোনও বিমান চলাচল করবে না বলে জানানো হয়েছে। সরকার এই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত’ বলে অভিহিত করেছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিমানবন্দর সংলগ্ন এলাকা হেয়েস-এর একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান লন্ডন দমকল বিভাগের ৭০ জন দমকল কর্মী। শুক্রবার সকাল ৮টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল বলে জানিয়েছে সরকার।

বিশ্বের অন্যতম ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর হিথরো হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ফাঁপরে পড়েছেন হাজার হাজার যাত্রী। বহু বিমানকে প্যারিস, আয়ারল্যান্ডের শ্যানন-সহ একাধিক ইউরোপীয় শহরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর আগে, ২০২৩ সালে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল সমস্যার কারণে হিথরো বিমানবন্দর থমকে গিয়েছিল। এছাড়াও, ২০১০ সালের ডিসেম্বরে তুষারপাতের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল হিথরো, যেখানে প্রায় ৪ হাজার বিমান বাতিল হয়েছিল।