SPORTS: ফ্রি-তে ম্যাচ দেখার দিন শেষ, জেনেনিন ঘরে বসে IPL দেখতে খরচ কত?

১৮তম আসর শুরু হতে চলেছে আগামী ২২ মার্চ, শনিবার। এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। তবে এবার ক্রিকেটপ্রেমীদের জন্য একটি বড় ধাক্কার খবর—আইপিএল ২০২৫ স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হবে না, দেখা যাবে না স্পোর্টস ১৮-তেও। অর্থাৎ, বিনামূল্যে এই টুর্নামেন্ট উপভোগ করার কোনও সুযোগ থাকছে না। লাইভ স্ট্রিমিং দেখতে গ্রাহকদের নিতে হবে জিও হটস্টারের সাবস্ক্রিপশন।
কত টাকার সাবস্ক্রিপশন লাগবে?
জিও হটস্টারের তরফে জানানো হয়েছে, এবার থেকে আইপিএল দেখতে প্রতিটি গ্রাহককে কিনতে হবে ন্যূনতম ২৯৯ টাকার একটি সাবস্ক্রিপশন প্ল্যান। উল্লেখযোগ্য, ডিজনি বা জিও-র অধীনে আসার আগে হটস্টার গ্রাহকদের বিনামূল্যে আইপিএল দেখানোর সুযোগ দিত। সেই সময় ‘স্টার ইন্ডিয়া’ মূলত বাজারে নিজেদের জনপ্রিয়তা বাড়াতে এই কৌশল গ্রহণ করেছিল। পরে স্টার ইন্ডিয়ার কাছ থেকে হটস্টারকে কিনে নেয় ডিজনি। তখন থেকে অন্যান্য কনটেন্টে সাবস্ক্রিপশন পদ্ধতি চালু হলেও, গ্রাহকদের গ্রহণযোগ্যতার কথা মাথায় রেখে আইপিএল বিনামূল্যে দেখানোর প্রথা বজায় রেখেছিল ডিজনি প্লাস হটস্টার।
আগেরবার ফ্রিতে দেখা গিয়েছিল আইপিএল
গত দুই বছর ধরে জিও সিনেমায় ক্রিকেটপ্রেমীরা বিনামূল্যে আইপিএল উপভোগ করেছেন। ২০২৩ সালে হটস্টার আইপিএল স্ট্রিমিংয়ে সাবস্ক্রিপশন চাপানোর পর, জিও সিনেমা বিনামূল্যে খেলা দেখানো শুরু করে। এই কৌশলের ফলে ডিজনি প্লাস হটস্টারের ব্যবসা বড় ধরনের ধাক্কা খায়। সেই সুযোগকে কাজে লাগিয়ে চলতি বছর অম্বানির সংস্থা হটস্টারকে কিনে নেয়। এবার ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে জিও হটস্টারকে পুরোপুরি সাবস্ক্রিপশন-ভিত্তিক প্ল্যাটফর্মে রূপান্তরিত করার পরিকল্পনা নিয়েছে তারা।
বিনামূল্যে খেলা দেখার দিন শেষ
অন্যান্য কনটেন্টের জন্য সাবস্ক্রিপশনে কিছুটা ছাড় থাকলেও, দু’বছর বিনামূল্যে আইপিএল দেখানোর পর এবার সেই সুযোগ বন্ধ করেছে জিও। সংস্থার তরফে জানানো হয়েছে, আইপিএল দেখতে গ্রাহকদের ন্যূনতম ২৯৯ টাকার রিচার্জ প্ল্যান নিতে হবে। এই সিদ্ধান্তে ক্রিকেটপ্রেমীদের মধ্যে হতাশা ছড়িয়েছে। তবে টিভিতে বিশ্বের সবচেয়ে ধনী এই ক্রিকেট লিগ দেখার সুযোগ থাকছে।
এই পরিবর্তনের ফলে ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে এই সিদ্ধান্তকে ব্যবসায়িক কৌশল হিসেবে মেনে নিলেও, বিনামূল্যে আইপিএল দেখার দিন শেষ হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বহু ভক্ত। ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ক্রিকেটের উন্মাদনা অব্যাহত থাকলেও, স্ট্রিমিংয়ের জন্য এবার পকেট থেকে খরচ করতে হবে গ্রাহকদের।