দক্ষিণ কলকাতায় ছেয়ে গেল ‘অধিনায়ক অভিষেক’ পতাকা, নতুন রূপে ময়দানে ‘সেকেন্ড-ইন-কমান্ড’

আগামী বছরের মধ্যেই দেশের সাধারণ নির্বাচন। আর সেই ভোটযুদ্ধের আগে তৃণমূলের দ্বিতীয় শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন রূপে রাজনৈতিক ময়দানে নেমেছেন। ভোটের কৌশল চূড়ান্ত করতে ২৩ মার্চ বৈঠকে বসতে চলেছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া টিম। তার আগেই দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘অধিনায়ক’ হিসাবে তুলে ধরা পোস্টার ও পতাকায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা।
জানা গিয়েছে, রবিবার গাঙ্গুলিবাগান এলাকায় ছাব্বিশের নির্বাচনের জন্য তৃণমূলের সোশ্যাল মিডিয়া পরিকল্পনার বৈঠক হবে। এই প্রসঙ্গে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য জানান, ‘‘তৃণমূলের বিভিন্ন সমর্থক গ্রুপের মধ্যে অন্যতম ‘ফ্যাম’। অধিনায়ক অভিষেক সেই সংগঠনেরই একটি শাখা। তাই এই পোস্টার ও পতাকা।’
কিছুদিন আগেই তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্ব— মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে জল্পনা ছড়িয়েছিল। তবে সেই জল্পনায় ইতি টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, দলে অভিষেকের ভূমিকা অপরিহার্য।
তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সম্প্রতি অভিষেককে ‘আমাদের’ সম্বোধন করে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, দলে তিনি দ্বিতীয় ব্যক্তি। বিদেশ সফরের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট করেছেন, তাঁর অনুপস্থিতিতে দলের দায়িত্ব যৌথভাবে সামলাবেন সুব্রত বক্সী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই অবস্থায়, আগামী ভোটে দলের অন্যতম কৌশল নির্ধারক অভিষেকই হতে চলেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।