Recipe: দুপুরে ভাতের সাথে মেখে খান ‘মালাই পাবদা’, শিখেনিন রান্নার সেরা পদ্ধতি

দুপুরে কী রান্না করবেন ভাবছেন? রবিবারের দুপুরে যদি একটু অন্যরকম কিছু খেতে মন চায়, তাহলে বানিয়ে ফেলুন ‘মালাই পাবদা’। এই পদটি স্বাদে ও গন্ধে অনন্য। চলুন জেনে নিই কীভাবে বানাবেন এই সুস্বাদু পদটি।
উপকরণ:
- ৩ পিস পাবদা মাছ
- ১ টেবিল চামচ পোস্ত বাটা
- ১ চা চামচ কালো সর্ষে বাটা
- ২ চা চামচ সাদা সর্ষে বাটা
- ১ চা চামচ কাঁচা লংকা বাটা
- ১ চা চামচ হলুদ গুঁড়ো
- ১/৪ চা চামচ কালো জিরে
- ১/২ কাপ নারকেলের দুধ
- ১টি গোটা কাঁচা লংকা
- ১/২ চা চামচ কাশ্মীরি লংকার গুঁড়ো
- ১ টেবিল চামচ ধনেপাতা কুচি
- স্বাদমতো নুন ও চিনি
প্রণালী:
১. প্রথমে পাবদা মাছগুলি নুন ও হলুদ মাখিয়ে নিন। এরপর সর্ষের তেলে মাছগুলি ভেজে নিন।
২. মাছ ভাজার তেলেই কালো জিরে ফোড়ন দিন।
৩. এবার এতে একে একে সাদা সর্ষে বাটা, কালো সর্ষে বাটা, পোস্ত বাটা এবং কাঁচা লংকা বাটা মিশিয়ে দিন।
৪. স্বাদমতো নুন ও হলুদ গুঁড়ো যোগ করে মশলাটি ভালো করে কষান। প্রয়োজনে অল্প জল দিন।
৫. এরপর ভাজা মাছগুলি মিশিয়ে নিন।
৬. এবার নারকেলের দুধ, স্বাদমতো চিনি এবং গোটা কাঁচা লংকা যোগ করুন।
৭. পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে দিন। আঁচ কমিয়ে রাখুন।
৮. ঝোল ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন।
৯. শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।
এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মালাই পাবদা। এই পদটি আপনার রবিবারের দুপুরের ভোজকে করে তুলবে আরও বেশি স্বাদময়।