আইওসি-র প্রথম মহিলা সভাপতি হলেন কিরস্টি কভেন্ট্রি! ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলেন জিম্বাবোয়ের ক্রীড়ামন্ত্রী

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)-র ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা! প্রথমবারের মতো একজন মহিলা সভাপতি নির্বাচিত হলেন। জিম্বাবোয়ের ক্রীড়ামন্ত্রী কিরস্টি কভেন্ট্রি (Kirsty Coventry) গতকাল গ্রিসের কোস্টা নাভারিনোতে অনুষ্ঠিত IOC-এর ১৪৪তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হন।

৪১ বছর বয়সী কভেন্ট্রি বর্তমান সভাপতি টমাস বাখের স্থলাভিষিক্ত হবেন। বাখের মেয়াদ ২৩ জুনের পর শেষ হচ্ছে, এবং তারপরই দায়িত্ব নেবেন নতুন IOC প্রেসিডেন্ট কভেন্ট্রি।

এক কিংবদন্তি থেকে প্রশাসকের পথচলা

কিরস্টি কভেন্ট্রি কেবলমাত্র একজন দক্ষ প্রশাসক নন, তিনি নিজেও এক ক্রীড়াজগতের উজ্জ্বল তারকা। অলিম্পিকে জিম্বাবোয়ের হয়ে সাতটি পদক জয় করেছেন তিনি, যার মধ্যে রয়েছে দুটি স্বর্ণপদক। সাঁতার বিশ্বে এক সময় তার নাম ছিল অন্যতম সফল প্রতিযোগীদের মধ্যে। আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে অবদানের জন্যই তাঁকে জিম্বাবোয়ের ক্রীড়ামন্ত্রী করা হয়েছিল।

বিশ্ব ক্রীড়ামহলে উচ্ছ্বাস

IOC-র ইতিহাসে প্রথম মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় বিশ্ব ক্রীড়াঙ্গনে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) চেয়ারম্যান জয় শাহ কভেন্ট্রিকে অভিনন্দন জানিয়েছেন।

বিশ্বজুড়ে নারী নেতৃত্বের আরও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কভেন্ট্রি। এবার দেখার, অলিম্পিক কমিটির নেতৃত্বে তিনি ক্রীড়া বিশ্বে কী নতুন পরিবর্তন আনেন!