“স্বরাষ্ট্রমন্ত্রী ভয় পেয়ে গিয়েছেন”-বলে খোঁচা সাকেতের, ক্ষুদ্ধ হয়ে পাল্টা জবাব অমিত শাহর

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে বুধবার রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রক নিয়ে আলোচনার সময় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল সাংসদ সাকেত গোখলে ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে তুমুল বচসা বেধে যায়।
রাজ্যসভায় আলোচনার সময় সাকেত গোখলে সিবিআই তদন্ত, বিএসএফের ক্ষমতা বৃদ্ধি ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, কেন্দ্র রাজ্যের প্রশাসনে হস্তক্ষেপ করছে এবং রাজ্য সরকারকে গুরুত্ব দিচ্ছে না।
যখন সাকেত গোখলে সিবিআই ও কেন্দ্রীয় এজেন্সিগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন, তখনই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উঠে দাঁড়িয়ে এর প্রতিবাদ করেন। এই পরিস্থিতিতে সাকেত সরাসরি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী ভয় পেয়ে গিয়েছেন”।
সাকেতের এই মন্তব্যে ক্ষুব্ধ হন অমিত শাহ। তিনি সাফ জানিয়ে দেন, “আমি সাতবার নির্বাচনে জিতে এসেছি, কারও দয়ায় সংসদে আসিনি। আমি কাউকে ভয় পাই না।”
এছাড়াও, তিনি সাকেতের অভিযোগের জবাব দিতে গিয়ে বলেন—“সিবিআই স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে নয়।নির্বাচন পরবর্তী হিংসার তদন্তেই সিবিআই সক্রিয় হয়েছে, শুধুমাত্র দুর্নীতির কারণে নয়।”হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশেই এই তদন্ত চলছে।”
সাকেত গোখলে পাল্টা বলেন, “আপনিও সবরমতি জেলে ছিলেন, আমিও ছিলাম।” এই মন্তব্যের পরেই সংসদে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
বিজেপির ট্রেজারি বেঞ্চ থেকে দাবি ওঠে, তৃণমূল সাংসদ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান করেছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু সরব হন এবং দাবি করেন, সাকেতকে ক্ষমা চাইতে হবে।
এই ইস্যুতে দুই পক্ষের মধ্যে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার ফলে রাজ্যসভায় কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।