বাংলায় ফের বামেদের সঙ্গে জোট হবে কি কংগ্রেসের? বঙ্গনেতাদের সাথে বিশেষ মিটিং, যা বলছে সূত্র

২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের ২৯৪টি আসনে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে কংগ্রেস। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে দলটির অবস্থা শোচনীয়। এই পরিস্থিতিতে আসন্ন নির্বাচনের আগে কংগ্রেস তাদের পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে। তবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে এখনও কোনও স্পষ্ট বার্তা দেয়নি দলের হাইকম্যান্ড।

বুধবার দিল্লির ইন্দিরা ভবনে পশ্চিমবঙ্গ কংগ্রেস নেতাদের সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এবং এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল। বৈঠকের পর রাহুল গান্ধী তাঁর হোয়াটসঅ্যাপ চ্যানেলে লেখেন, “আজ পশ্চিমবঙ্গ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে। আমাদের মূল লক্ষ্য তৃণমূলস্তরে দলকে শক্তিশালী করা এবং মানুষের অধিকারের জন্য লড়াই করা। কংগ্রেস নির্ভীক, সৎ ও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে বাংলার আকাঙ্ক্ষার কণ্ঠস্বর হবে।”

বৈঠকে পশ্চিমবঙ্গ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক গুলাম আহমদ মীর, রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার, অধীর রঞ্জন চৌধুরী, দীপা দাশমুন্সি-সহ একাধিক নেতা উপস্থিত ছিলেন।

সংগঠন মজবুত করাই লক্ষ্য

বৈঠকের পর গুলাম আহমদ মীর বলেন, “বাংলার রাজনৈতিক পরিস্থিতি এবং কংগ্রেসের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। বহুদিন ধরে কিছু নেতা তাঁদের উদ্বেগ জানাতে চেয়েছিলেন, আজ তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনা হয়েছে। বাংলার মানুষ কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতি অসন্তুষ্ট। এই পরিস্থিতিতে কংগ্রেসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুশৃঙ্খল পরিকল্পনার মাধ্যমে আমরা নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত।”

দলের পরিকল্পনার মধ্যে রয়েছে তৃণমূলস্তরে সংগঠনকে শক্তিশালী করা এবং বিভিন্ন এলাকায় ‘পদযাত্রা’র মতো কর্মসূচি। মীরের দাবি, বাংলার মানুষ ও যুবসমাজ চায় কংগ্রেস বড় ভূমিকা নিক।

জোট নিয়ে স্পষ্টতা নেই

তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মীর বলেন, “এই মুহূর্তে আমাদের লক্ষ্য সংগঠনকে শক্তিশালী করা এবং জনগণের স্বার্থে কণ্ঠস্বর হওয়া। নির্বাচন এখনও অনেক দূরে, সময় হলে সিদ্ধান্ত নেওয়া হবে।” তিনি জানান, দলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা চলছে, তবে জোট নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বাংলায় কংগ্রেসের অবস্থান

২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৫টি আসন জিতেছিল, বিজেপি পেয়েছিল ৭৭টি। কংগ্রেস ও বাম দল জোটবদ্ধভাবে লড়েও একটিও আসন জিততে পারেনি। এই পরিস্থিতিতে কংগ্রেসের ভবিষ্যৎ কতটা প্রভাব ফেলতে পারবে, তা নিয়ে সংশয় রয়েছে। তবে নেতৃত্বের দাবি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দলের জন্য সুযোগ তৈরি করেছে। মীর বলেন, “বাংলার মানুষ হতাশ, সরকারবিরোধী মনোভাব তীব্র। কংগ্রেসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সময় এসেছে, আমরা সেজন্য প্রস্তুতি নিচ্ছি।”

অধীরের নীরবতা

বৈঠকের পর অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের এড়িয়ে চলে যান। তবে মীর জানিয়েছেন, “তিনি অসন্তুষ্ট নন। বিমান ধরার তাড়া থাকায় তিনি থাকতে পারেননি।” আগামী দিনে কংগ্রেস কতটা সংগঠন শক্তিশালী করতে পারে এবং জোটের পথে হাঁটে কি না, তার উত্তর সময়ই দেবে।