“ওবিসি-মামলার জট কাটলেই রাজ্যে ২-৩ লক্ষ নিয়োগ হবে”- বিধানসভায় বড় ঘোষণা মমতার

নিয়োগপ্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে মামলার কারণে—এই অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি জানালেন, ওবিসি মামলার জট কাটলেই রাজ্যে ২-৩ লক্ষ নতুন নিয়োগ হবে।
২০১০ সালের পর দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। কারণ, অভিযোগ উঠেছিল যে সার্টিফিকেট ইস্যুতে অনিয়ম হয়েছে। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।
গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য নতুন সমীক্ষার প্রস্তাব দেয় এবং তার জন্য ৩ মাস সময় চায়। আদালত রাজ্যের আবেদনে সম্মতি দিয়ে জানায়, পরবর্তী শুনানি জুলাইয়ে হবে।
বুধবার বিধানসভায় মমতা বলেন,“সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আমাদের পক্ষে খারাপ কিছু নয়।আমাদের সংবিধান মেনে চলতে হবে, তবে জটিলতা কাটলেই নিয়োগ করা হবে।”এর মধ্যে ১ লক্ষ শিক্ষক নিয়োগও রয়েছে।”
তিনি আরও জানান, প্রাথমিক, উচ্চমাধ্যমিক, স্বাস্থ্য, পুলিশ—সব মিলিয়ে ২-৩ লক্ষ চাকরি আটকে রয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিরোধীদের আক্রমণ করে বলেন,“চাকরি আটকাতে মামলার খেলা খেলবেন না। আমার সঙ্গে শত্রুতা করলে আমার মনোবল আরও বাড়বে, কিন্তু এসব করে নিয়োগ আটকানো যাবে না।”
এদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, “রাজ্যের সব দপ্তরে ঠিক কত শূন্যপদ আছে, তার তালিকা প্রকাশ করতে হবে।”ভোটব্যাংকের রাজনীতির জন্য প্রকৃত ওবিসিরা বঞ্চিত হয়েছেন।”রাজ্য সরকারের দুর্নীতির কারণে ২ কোটি শিক্ষিত বেকার যুবক-যুবতীর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে।”
ওবিসি সংক্রান্ত মামলার নিষ্পত্তি হলে নিয়োগপ্রক্রিয়া কবে শুরু হবে, তা নিয়ে নজর রয়েছে গোটা রাজ্যের।