সুখবর গ্রাহকদের জন্য, শুধু জীবন নয়, এবার স্বাস্থ্যেরও ‘দায়িত্ব’ নেবে LIC!

‘মৃত্যুর পরেও পরিবার যেন সুরক্ষিত থাকে’— সাধারণত এই ভাবনাতেই জীবন বিমা কেনেন বহু মানুষ। LIC-তে বিনিয়োগ করা অর্থ পরিবারকে আর্থিক মেরুদণ্ড দেয় দুর্ঘটনাজনিত পরিস্থিতিতে। তবে সময় বদলাচ্ছে, বদলাচ্ছে LIC-এর দৃষ্টিভঙ্গিও। শুধুমাত্র জীবন বিমার মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে এবার স্বাস্থ্য বিমার দুনিয়াতেও পা রাখতে চলেছে সংস্থা!
LIC-এর বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মহন্তি জানিয়েছেন, আগামী ৩১ মার্চের মধ্যেই স্বাস্থ্য বিমা ক্ষেত্রে প্রবেশ করতে চলেছে সংস্থা। সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই একটি রূপরেখা প্রস্তুত করা হয়েছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি।
এক পরিসংখ্যান অনুযায়ী, ২৯ কোটি মানুষ LIC-এর টার্মড বিমা গ্রহণ করেছেন, যা পলিসিহোল্ডারের মৃত্যুর পর তাঁর পরিবারকে বড় অঙ্কের অর্থ প্রদান করে। এতদিন ধরে LIC শুধুমাত্র জীবন বিমার উপর নির্ভরশীল থাকলেও, এবার বাজারের চাহিদা অনুযায়ী নতুন বিনিয়োগ পরিকল্পনার দিকে এগোচ্ছে সংস্থা।
চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে LIC-এর মোট আয় বৃদ্ধি পেয়েছে ১৭ শতাংশ। সংস্থার মোট লাভের পরিমাণ দাঁড়িয়েছে ১১,০০৯ কোটি টাকা। তবে প্রিমিয়াম থেকে অর্জিত আয় ৯ শতাংশ কমেছে। গত অর্থবর্ষে যেখানে এই আয় ছিল ১,১৭,৪৩২ কোটি টাকা, সেখানে এবছর তা কমে ১,০৭,৩০২ কোটি টাকায় দাঁড়িয়েছে।
স্বাভাবিকভাবেই, স্বাস্থ্য বিমা LIC-এর জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে। জীবন বিমার পর এবার দেশের অন্যতম বৃহত্তম বিমা সংস্থার স্বাস্থ্য বিমা পলিসিও গ্রাহকদের মধ্যে কতটা জনপ্রিয় হয়, সেটাই দেখার অপেক্ষা!