ICU-তে নাবালিকার শ্লীলতাহানি! ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ কাণ্ডে ধৃত আরও এক অভিযুক্ত

ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় আরও এক গ্রেফতার। শুক্রবার পুলিশ বিজু দাস নামে এক সাফাইকর্মীকে আটক করে। এর আগে একই ঘটনায় বিনোদ পণ্ডিত নামে আরও এক সাফাইকর্মীকে গ্রেফতার করেছিল ডায়মন্ড হারবার পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার অসুস্থ হয়ে ওই মেডিক্যাল কলেজে ভর্তি হয় নবম শ্রেণির ছাত্রীটি। শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তাকে সরাসরি আইসিইউ-তে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালের মধ্যেও রেহাই মেলেনি তার।
পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই দুই সাফাইকর্মী মেয়েটির ওপর শারীরিক নির্যাতন চালাত। মুখ খুললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় তাকে। আতঙ্কে সে এতদিন চুপ ছিল, কিন্তু মানসিক যন্ত্রণা আর সহ্য করতে না পেরে মঙ্গলবার পরিবারের কাছে সব খুলে বলে।
এরপরই পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে রাতেই বিনোদ পণ্ডিতকে গ্রেফতার করে। শুক্রবার ধরা পড়ে দ্বিতীয় অভিযুক্ত বিজু দাসও।
হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। নারীদের সুরক্ষা কতটা নিশ্চিত, তা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।