বিহারি স্টাইল লিট্টি-চোখা বাড়িতেই বানান, শিখেনিন দুর্দান্ত এক সহজ রেসিপি

রিমঝিম বৃষ্টির দিনে গরম গরম চা ও পকোড়ার সঙ্গে যদি পাতে থাকে বিহারের ঐতিহ্যবাহী ও সুস্বাদু ‘লিট্টি-চোখা’ (Litti Chokha), তবে আড্ডার মেজাজটাই বদলে যায়। পুষ্টিকর এই খাবার এখন কেবল স্ট্রিট ফুড নয়, বরং বাঙালির ঘরের রান্নার জগতেও দারুণ জনপ্রিয়। উনুন বা ওভেনের ঝামেলা ছাড়াই এবার খুব সহজেই তাওয়ার মধ্যে বানিয়ে ফেলতে পারেন এই পদ। রইল লিট্টি-চোখা তৈরির সহজ রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ:

  • লিট্টির আটার জন্য: ২ কাপ আটা, ২ ছোট চামচ ঘি, হাফ চামচ নুন এবং প্রয়োজনমতো জল।

  • ছাতুর পুরের জন্য: ২ কাপ ছাতু, ১ টেবিল চামচ মিহি করে কাটা আদা ও রসুন, ২টি কুচানো কাঁচা লঙ্কা, অর্ধেকটা কুচানো পেঁয়াজ, আধা চামচ ধনেপাতা, কালোজিরে, জোয়ান, ১ টেবিল চামচ সর্ষের তেল, অর্ধেক লেবুর রস, সামান্য ঘি এবং স্বাদমতো নুন (চাইলে সামান্য আচারের মশলা দেওয়া যেতে পারে)।

  • চোখার উপকরণের জন্য: ২টি সেদ্ধ আলু, ১টি বেগুন, ১টি কুচানো পেঁয়াজ, ৩-৪ কোয়া রসুন, ১-২টি কুচানো কাঁচা লঙ্কা, ধনেপাতা, স্বাদমতো নুন এবং ২ টেবিল চামচ সর্ষের তেল।

লিট্টি তৈরির সহজ পদ্ধতি:

১. প্রথমে গমের আটার সঙ্গে সামান্য ঘি ও নুন মিশিয়ে ভালোভাবে মেখে নিন। এবার পরিমাণমতো জল দিয়ে একটি নরম ডো তৈরি করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিন। ২. একটি পাত্রে ছাতুর সঙ্গে পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লেবুর রস, সর্ষের তেল, জোয়ান, কালোজিরে ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ৩. এবার আটার ছোট লেচি কেটে মাঝখানে বাটির মতো গর্ত করে তাতে ছাতুর পুর ভরে দিন। এরপর চারদিক ভালো করে বন্ধ করে গোল বলের আকার দিন। ৪. একটি প্যান বা তাওয়া গরম করে সামান্য ঘি বা তেল ব্রাশ করুন। তৈরি করা লিট্টিগুলো প্যানে দিয়ে মাঝারি থেকে কম আঁচে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন। উল্টেপাল্টে সোনালি-বাদামি ও মচমচে হওয়া পর্যন্ত ভাজুন। ৫. ভালোভাবে ভাজা হয়ে গেলে লিট্টিগুলো হালকা চেপে গলানো ঘিতে ডুবিয়ে তুলে নিন।

চোখা তৈরির পদ্ধতি:

১. প্রথমে গ্যাসের মৃদু আঁচে গোটা বেগুন, রসুনের কোয়া এবং কাঁচা লঙ্কা পুড়িয়ে বা ভালো করে সেদ্ধ করে নিন। ২. বেগুন সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে তার খোসা ছাড়িয়ে নিন। এবার একটি পাত্রে পোড়া বেগুন, সেদ্ধ আলু, ভাজা রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, ধনেপাতা ও নুন একসঙ্গে ভালো করে চটকে মেখে নিন। ৩. সবশেষে সামান্য সর্ষের তেল গরম করে এই মিশ্রণে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু ও মুখরোচক ‘চোখা’।

গরম গরম লিট্টির সঙ্গে এই চোখা পরিবেশন করলে মন জয় করবে সকলেরই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *