“চুক্তির শর্ত লঙ্ঘন করেছে আইএফএ”- বাংলার সর্বোচ্চ ফুটবল সংস্থার বিরুদ্ধে উঠল অভিযোগ

কলকাতা ফুটবল লিগ ও অন্যান্য প্রতিযোগিতা পরিচালনা নিয়ে এবার দ্বন্দ্ব চরমে পৌঁছল। বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ-র বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলল শ্রাচি স্পোর্টস। বৃহস্পতিবার, আট পাতার একটি চিঠি পাঠিয়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছে সংস্থাটি।
গত বছর আইএফএ-র সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল শ্রাচি স্পোর্টস। এই চুক্তি অনুযায়ী, কলকাতা লিগ, আইএফএ শিল্ড ও ফুটসাল লিগের সম্প্রচার স্বত্ব সহ আয়োজনের দায়িত্ব ছিল শ্রাচির হাতে। কিন্তু এক বছরের মধ্যেই দুই পক্ষের মধ্যে মতবিরোধ চরমে উঠেছে।
শ্রাচির অভিযোগ, চুক্তি অনুযায়ী লিগের সূচি নির্ধারিত সময়ের এক মাস আগে ঘোষণা করার কথা থাকলেও, তা করা হয়নি। এর ফলে সম্প্রচার ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে শ্রাচিকে। সংস্থার দাবি, আইএফএ-র তরফে একাধিক গাফিলতি দেখা গিয়েছে, যা ভবিষ্যতে প্রতিযোগিতাগুলির সুষ্ঠু আয়োজন নিয়ে প্রশ্ন তুলছে।
এদিকে, কলকাতা লিগের চ্যাম্পিয়ন ঘোষণা ঘিরেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আলিপুর আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৯ মার্চ পর্যন্ত কলকাতা লিগের চূড়ান্ত ফল ঘোষণা করা যাবে না। ডায়মন্ড হারবার এফসি-র আবেদনের ভিত্তিতে আদালত এই স্থগিতাদেশ জারি করেছে।
প্রসঙ্গত, ১৫ ফেব্রুয়ারি কিশোরভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচে মাঠে নামেনি ডায়মন্ড হারবার এফসি। তাদের দাবি ছিল, আই-লিগ টু-এর সূচির কারণে একই দিনে কলকাতা লিগের ম্যাচ খেলা সম্ভব নয়। নির্ধারিত দিন পরিবর্তনের অনুরোধ করলেও, আইএফএ সেই আবেদন গ্রহণ করেনি। একই পরিস্থিতি হয়েছিল মহমেডানের বিরুদ্ধেও। ফলে, দুই ম্যাচেই ডায়মন্ড হারবারের অনুপস্থিতি নিয়ে বিতর্ক শুরু হয়।
আইএফএ এই দুটি ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণের জন্য ২০ ফেব্রুয়ারি লিগ সাব-কমিটির বৈঠক ডাকলেও, ডায়মন্ড হারবার আদালতের দ্বারস্থ হয়। তাদের দাবি, যথাযথ প্রস্তুতির সুযোগ না দিয়েই ম্যাচ খেলার জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল। আদালত বিষয়টি বিবেচনা করে আপাতত চূড়ান্ত ফল ঘোষণা স্থগিত রেখেছে।
কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল ঘোষণা করেছে আইএফএ। প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব এবং রানার্স-আপ হয়েছে শ্রীভূমি ফুটবল ক্লাব। অবনমনের আওতায় পড়ে দ্বিতীয় ডিভিশনে নেমে গিয়েছে ক্যালকাটা ফুটবল ক্লাব ও চাঁদনী স্পোর্টিং ক্লাব।
আইএফএ-র এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ফুটবল মহলে উত্তেজনা আরও বেড়েছে। শ্রাচির অভিযোগ ও ডায়মন্ড হারবারের আইনি পদক্ষেপের ফলে কলকাতা লিগের ভবিষ্যৎ এখন আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।