BigNews: ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার রেকর্ড পতন, চিন্তা বাড়াচ্ছে দেশের অর্থনীতি

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান সর্বকালের সর্বনিম্নে নেমেছে। ফেডারেল রিজার্ভ আগামী বছর সুদের হার কমানোর ইঙ্গিত দেওয়ার পর বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রথমবারের মতো মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
এদিন এক ডলারের বিপরীতে টাকার দর ৮৫.০৬-তে নেমে আসে।
এক প্রতিবেদনে রয়টার্স বলেছে, মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দর পতন চলছেই। বৃহস্পতিবার মুদ্রাটি ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। এদিন ভারতীয় মুদ্রার দর কমে প্রতি ডলার হয় ৮৫.০৬ টাকা।
বুধবার (১৮ ডিসেম্বর) এক ডলারের বিপরীতে টাকার মূল্য ছিল ৮৪.৯৫। দিনের মাঝামাঝি যা হয় ৮৪.৯৬ টাকা। আগের দিন মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ডলার প্রতি ৮৪.৯০ টাকাতে শেষ হয়েছিল বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজার।
মূলত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের প্রবৃদ্ধির হার কমে যাওয়া, শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ চলে যাওয়া ও বাণিজ্যঘাটতি বৃদ্ধি পাওয়ার কারণে টাকার এই পতন হচ্ছে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস।