Weather: হঠাত্‍ উধাওশীত, দু’দিন ১২ জেলায় বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আবহাওয়া?

ডিসেম্বর মাস প্রায় শেষ হতে চলল, তবুও শীতের তেমন দেখা নেই। দিনের বেলায় সোয়েটার পরলে গরমে ঘামতে হচ্ছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেড়েছে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর আগামীকাল, শুক্রবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। গত সপ্তাহের মাঝামাঝি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বেশ ঠান্ডা পড়েছিল, তবে সেই পরিস্থিতি বেশি দিন স্থায়ী হলো না।

আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়াবিদরা আশ্বাস দিয়েছেন যে এই বৃষ্টির কারণে বড়দিনের আনন্দে কোনো প্রভাব পড়বে না।

তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস:

বর্তমানে রাজ্যের অনেক জায়গাতেই শীতের আমেজ কমে গেছে। শুধু রাত ও ভোরের দিকে শীত অনুভূত হচ্ছে, দিনের বেলা তাপমাত্রা বেশ বেড়ে যাচ্ছে। বিশেষ করে কলকাতায় গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং সর্বনিম্ন তাপমাত্রাও বেড়ে ১৬ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।

আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। রবিবারের পর থেকে তাপমাত্রা আবারও কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।

কোথায় কবে বৃষ্টি?

শুক্রবার ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই, বরং বেশিরভাগ এলাকাতেই কুয়াশার দাপট বজায় থাকবে।

বড়দিনে কেমন থাকবে আবহাওয়া?

শীতের সাময়িক বিরতিতে রাজ্যবাসীর মনে কিছুটা হতাশা দেখা দিলেও, বড়দিনের আগেই শীত ফিরে আসবে বলে আবহাওয়া দফতর আশ্বাস দিয়েছে। বৃষ্টি শেষ হওয়ার পরেই তাপমাত্রা কমতে শুরু করবে এবং ক্রিসমাসের উৎসবের মেজাজ বজায় থাকবে।