কর্মীদের বেতন বিবরণ আপলোড করতে ‘শেষ সুযোগ’ নিয়োগকর্তাদের, না মানলেই বিপদ

বেশি বেতনের ভিত্তিতে পেনশনের জন্য প্রায় ৩.১ লক্ষ আবেদন এখনও পর্যন্ত আটকে রয়েছে এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর কাছে। এই সমস্যা সমাধানে EPFO আবেদনকারী কর্মীদের বেতন সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়োগকর্তাদের আপলোড করার নির্দেশ দিয়েছে এবং এই তথ্য আপলোডের সময়সীমা বাড়িয়ে ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।
কেন্দ্রীয় শ্রম মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে, বর্ধিত বেতনের উপর পেনশন পাওয়ার জন্য অনলাইনে আবেদনের সুযোগ দেওয়া হয়েছিল, যেখানে কর্মী এবং নিয়োগকর্তা উভয়েই সেই আবেদন যাচাই (ভ্যালিডেট) করতে পারতেন।
সুপ্রিম কোর্ট ২০২২ সালের ৪ সেপ্টেম্বর বর্ধিত বেতনের উপর পেনশন নিয়ে একটি নির্দেশিকা জারি করে। সেই নির্দেশিকায় উল্লিখিত নিয়ম অনুযায়ী যোগ্য পেনশনভোগী এবং সদস্যদের জন্য এই সুযোগটি দেওয়া হয়। ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রকল্পের মেয়াদ ছিল সেই বছরের ৩ মে পর্যন্ত। পরে কর্মীদের অনুরোধে সময়সীমা ২৬ জুন পর্যন্ত বাড়ানো হয়। এরপরও আবেদন করার জটিলতা কমাতে আরও ১৫ দিনের সময় দেওয়া হয়েছিল, যা ১১ জুলাই ২০২৩ পর্যন্ত বহাল ছিল। এই সময়ের মধ্যে EPFO মোট ১৭.৪৯ লক্ষ আবেদন পায়।
কিন্তু, নিয়োগকর্তা এবং তাদের সংগঠনগুলির পক্ষ থেকে কর্মীদের বেতনের বিবরণ অনলাইনে আপলোড করার জন্য অতিরিক্ত সময় চাওয়া হলে, তাদের একাধিকবার সুযোগ দেওয়া হয়। প্রথমে ৩০ সেপ্টেম্বর ২০২৩, পরে ৩১ ডিসেম্বর ২০২৩ এবং সর্বশেষ ২০২৪ সালের মে মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এতবার সময় বাড়ানো সত্ত্বেও, ৩.১ লক্ষের বেশি আবেদন এখনও নিয়োগকর্তাদের কাছে অপশনস/জয়েন্ট অপশনস-এর মাধ্যমে ভ্যালিডেট করার জন্য পড়ে আছে।
পুনরায় নিয়োগকর্তা এবং তাদের সংগঠনগুলির অনুরোধে শ্রম মন্ত্রক তাদের আরও একটি ‘শেষ সুযোগ’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন নিয়োগকর্তারা কর্মীদের বেতনের বিবরণ আপলোড করার জন্য ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময় পাবেন।
এছাড়াও, EPFO ৪.৬৬ লক্ষের বেশি আবেদন খতিয়ে দেখার পর নিয়োগকর্তাদের কাছে অতিরিক্ত তথ্য এবং ব্যাখ্যা চেয়েছে। সেই সমস্ত তথ্যের জবাব/আপডেট ২০২৫ সালের ১৫ জানুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শ্রম মন্ত্রক।
এই পদক্ষেপের মাধ্যমে আটকে থাকা আবেদনগুলির দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা করা যাচ্ছে এবং যোগ্য কর্মীরা তাদের প্রাপ্য পেনশন সুবিধা পাবেন।