SPORTS: “অবসর নিয়ে কোনও আক্ষেপ নেই”-নতুন লক্ষ্যের কথা জানালেন অশ্বিন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর বৃহস্পতিবার নিজের শহর চেন্নাই ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। অনুরাগীরা তাঁকে বীরের মতো স্বাগত জানান। চেন্নাই বিমানবন্দরে এবং তাঁর বাড়ির আশেপাশে উৎসাহী জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।

বিমানবন্দরে নামার পর প্রথমে অশ্বিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি। সাংবাদিকরা তাঁকে সিরিজের মাঝপথে অবসর ঘোষণার কারণ জানতে চান, কিন্তু সেই সময় তিনি কোনো উত্তর দেননি। পরে অবশ্য তিনি তাঁর বাড়ির বাইরে কয়েকজন সাংবাদিকের মুখোমুখি হন।

এত সিনিয়র খেলোয়াড় হওয়া সত্ত্বেও কখনো দলের অধিনায়ক না হওয়া নিয়ে প্রশ্ন করা হলে অশ্বিন স্পষ্ট জানান যে তাঁর কাজ শেষ হয়েছে এবং তিনি আর সেসব নিয়ে ভাবতে চান না। বরং অবসর নেওয়া বা অধিনায়কত্ব না পাওয়ার জন্য তাঁর কোনো আক্ষেপ নেই বলেও জানান তিনি। তিনি বলেন, “অবসর ঘোষণার সিদ্ধান্ত নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আমি এমন অনেককে দেখেছি যারা খেলা ছেড়ে দেওয়ার পর আক্ষেপ করে থাকেন। আমি সেই দলে পড়ি না।”

প্রসঙ্গত, বুধবার গাব্বা টেস্ট শেষের পরেই আচমকা ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন অশ্বিন। সিরিজের মাঝপথে তাঁর এই অবসর ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। শোনা গিয়েছিল, তাঁকে সব ম্যাচে খেলানো হয়নি বলেই তিনি অবসর নিয়েছেন। তবে অশ্বিন এই জল্পনা উড়িয়ে দেন। তিনি বলেন, “আপনারা দেখতে পাচ্ছেন, আমি খুশি এবং হাসিখুশি রয়েছি।”

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অশ্বিন বলেন, “আমি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা চালিয়ে যেতে চাই। যতদিন পারব ততদিন খেলব। একজন ক্রিকেটারের আইপিএল-এ যা যা করণীয়, আমি তাই করব। তবে জাতীয় দল থেকে অবসর নেওয়ার এটাই সেরা সময় ছিল বলে আমার মনে হয়েছে।”