তৃতীয় বিয়ের প্রতিবাদ করায় দ্বিতীয় স্ত্রীকে বেধড়ক মার, শোরগোল বাংলার এই জেলায়

মালদার ইংলিশবাজার থানার যদুপুর গ্রাম পঞ্চায়েতের কেষ্টপুর এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে তার দুই স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে। অভিযোগ, সাদিকুল শেখ নামের ওই ব্যক্তি প্রথমে স্ত্রী সাহেদা বেবিকে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করেন, তারপর দ্বিতীয় স্ত্রী রুবিনা বেবিকে লুকিয়ে তৃতীয় বিয়ে করেন। রুবিনা যখন তৃতীয় বিয়ের কথা জানতে পারেন তখন তিনি প্রতিবাদ করেন। এরপরই সাদিকুল তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।

রুবিনা বেবির অভিযোগ, তিনি বিয়ের পর জানতে পারেন যে সাদিকুলের আগেও আরও একজন স্ত্রী আছে। তবুও সংসারে টিকে থাকার জন্য তিনি সবকিছু মেনে নিয়েছিলেন। কিন্তু যখন তিনি জানতে পারেন যে সাদিকুল তৃতীয়বার বিয়ে করেছেন, তখন তিনি রুখে দাঁড়ান এবং প্রতিবাদ করেন। এরপরই তাকে মারধর করা হয়।

রুবিনাকে বাঁচাতে এগিয়ে আসেন তার দিদি আয়েশা বেবি। অভিযোগ, তাকেও মারধর করা হয়। এই ঘটনায় রুবিনা, আয়েশা, রুবিনার ভাগ্নে ফারাজুল শেখ এবং জামাই রাজু শেখ – মোট চারজনকে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য সুলতান শেখ। তিনি বলেছেন, সাদিকুলের চরিত্র সম্পর্কে তাদের আগে কোন ধারণা ছিল না। এই ঘটনার পর তারা চমকে উঠেছেন।

রুবিনা বেবি ইতিমধ্যেই ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।