হিরণের বিরুদ্ধে FIR, জানালেন দেব, পালটা অভিনন্দন জানালেন বিজেপি প্রার্থী

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

আর এবার হিরণের বিরুদ্ধে FIR এর কথা জানালেন অভিনেতা তথা ঘাটালের বিদায়ী সাংসদ দেব।

এদিন দেব বলেন, ‘শেষ আড়াই-তিন মাস ধরে হিরণ অনেক কিছুই বলছে। বাংলার মানুষ জানে কে সত্যি আর কে মিথ্যা বলছে। আমার এখানে কোনও ভূমিকা নেই। ফেক অডিয়ো ভাইরাল করছে, মিথ্যে প্রচার করছে। অডিয়ো ভাইরাল করে বলছে দেব টাকা নিয়েছে বা আমার সহকর্মীরা টাকা নিয়েছে। এফআইআর তো হয়েছে ওর বিরুদ্ধে। হিরণকে নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। আমি ওকে শুভেচ্ছা জানাই।’

দেব আরও বলেন, ‘ঘাটাল শান্তিপ্রিয় একটা জায়গা। এখানকার মানুষ ভালোবাসাপ্রিয়। ১০ বছর ধরে আমরা শান্তি রেখেছি এখানে। এবারেও শান্তিতেই ভোট হবে।’

প্রতিক্রিয়া দিয়েছেন হিরণও। বিজেপি প্রার্থী বলেন, ‘আমি এটাই বলেছিলাম আপনি (দেব) এফআইআর করুন, আপনি আদালতে যান। আদালতে গেলেই প্রমাণ হয়ে যাবে। কালীঘাটের কাকুর যেমন গলার স্বর পরীক্ষা করা হয়েছিল, আপনারও গলার স্বর পরীক্ষা করা হবে। আপনাকে অভিনন্দন জানালাম, আপনি দারুণ কাজ করেছেন, গলার স্বর পরীক্ষা করলেই জানা যাবে, আপনি কত বড় চাকরি চুরির চক্রান্তের সঙ্গে যুক্ত। তদন্তে আমরা পূর্ণ সমর্থন করব।’