“আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন!” পুলিশ পৌঁছানোর আগেই লাপাত্তা শ্রদ্ধা, লখনৌ কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

লখনৌয়ের হাইপ্রোফাইল ক্যাফে মালিক শিব শর্মার রহস্যমৃত্যুর ঘটনায় এবার নয়া মোড়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন তাঁর লিভ-ইন পার্টনার তথা মডেল-ইনফ্লুয়েন্সার শ্রদ্ধা দুবে। পুলিশ ও তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, শ্রদ্ধা, তাঁর বোন রশ্মি এবং গাড়িচালক আদিল বর্তমানে পালিয়ে নেপালে আশ্রয় নিয়েছেন। এমনকি নেপালের মহিমনগরে তাঁদের রাস্তা পার হওয়া ও টোটোয় ওঠার সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে। অভিযুক্তদের খোঁজে ৬টি বিশেষ দল গঠন করে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং প্রত্যেকের মাথার দাম ২৫ হাজার টাকা ঘোষণা করা হয়েছে।

সিসিটিভি ফুটেজ ও অডিয়ো রহস্য: তদন্তকারীদের হাতে আসা সিসিটিভি ফুটেজ অনুযায়ী, মহিমনগরে এক রাত কাটিয়েছিলেন অভিযুক্তরা। কিন্তু পুলিশ সেখানে পৌঁছানোর ঠিক আগেই তাঁরা বাসে করে অন্যত্রে পালিয়ে যান। এর পাশাপাশি একটি অডিয়ো ক্লিপও ভাইরাল হয়েছে (যার সত্যতা যাচাই করা হয়নি), যেখানে শিব ও শ্রদ্ধার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শোনা গিয়েছে। গভীর রাতে বাইরে থাকা নিয়ে শিবকে হুমকি দিয়ে শ্রদ্ধা বলেছিলেন, তিনি বিষয়টি ‘স্যর’-কে জানাবেন। তবে এই রহস্যময় ‘স্যর’ আসলে কে, তা নিয়ে জোরদার তদন্ত শুরু হয়েছে।

আত্মগোপন থেকে শ্রদ্ধার সাফাই ও ভিডিয়ো বার্তা: এদিকে পুলিশি নাগালের বাইরে থেকেই সোশ্যাল মিডিয়ায় দুটি ভিডিও বার্তা দিয়েছেন অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবে। প্রথম ভিডিওতে সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, ইনস্টাগ্রামের ফলোয়ার্স দেখে তাঁকে যেন কোনো রাজনৈতিক নেতা বা উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে জড়ানো না হয়। তিনি পালিয়ে বেড়াচ্ছেন না এবং পুলিশকে তদন্তে সহযোগিতা করতে চান বলেই দাবি তাঁর।

দ্বিতীয় ভিডিওতে শিবের মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে দাবি করেছেন শ্রদ্ধা। তাঁর বক্তব্য, মাত্র ৪ মাসের পরিচয় ও ২ মাসের সম্পর্কের পর গত ৭ অক্টোবর গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় বিএমডব্লিউ গাড়ি নিয়ে তাঁর বাড়ি এসেছিলেন শিব। বাজারে ১৫-২০ লক্ষ টাকা দেনা থাকায় পাওনাদারদের চাপে শিব প্রায়ই আত্মহত্যার কথা বলতেন বলে দাবি শ্রদ্ধার।

এছাড়া আরও দুটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে শিবকে গয়না চুরির বিষয়ে জেরা করতে দেখা গেছে শ্রদ্ধাকে। সেপ্টেম্বর বা অক্টোবরে ৩টি সোনার চেন ও একটি ব্রেসলেট চুরির অভিযোগ তুলে ৬ লক্ষ টাকা কবে ফেরত দেবেন, তা নিয়ে শিবকে জেরা করেন শ্রদ্ধা। জবাবে শিব এক মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, টাকা না পাওয়া পর্যন্ত শিবের গাড়ি নিজের কাছে আটকে রাখার কথা বলতে শোনা যায় ওই মডেলকে। বর্তমানে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লখনৌ জুড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *