বাংলায় এসে নিখোঁজ বাংলাদেশি সাংসদ, উদ্ধার গাড়ি! রহস্য কিনারায় নামলো পুলিশ

বাংলাদেশের ঝিনাই দহের সাংসদ আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য ১২ মে কলকাতায় আসেন। তবে তারপর তিনি ১৮ মে থেকে নিরুদ্দেশ হয়ে যান। সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যে পুলিশ ওই সংসদের গাড়ি উদ্ধার করেছে। গাড়ি উদ্ধার করার পর এবার হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ার গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

গোপাল বিশ্বাস নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন। সেখানে লেখা রয়েছে, ‘আনোয়ারুল আজিমের সঙ্গে তাঁর ২০-২৫ বছর ধরে রয়েছে পারিবারিক সম্পর্ক। ১২ মে সন্ধ্যা ৭টা নাগাদ তাঁর বাড়িতে আসেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। পরের দিন দুপুর ১টা ৪১ মিনিটে ডাক্তার দেখানোর জন্য তিনি বাড়ি থেকে বার হন। যাওয়ার সময় দুপুরে খাবেন না বলেও জানান তিনি। সন্ধ্যার মধ্যে ফিরে আসবেন বলেও জানিয়েছিলেন বাংলাদেশের এই সাংসদ। নিজেই গাড়ি ডেকে বিধানপার্ক- ক্যালকাটা পাবলিক স্কুলের সামনে থেকে গাড়িতে উটে চলে যান। তারপর তিনি সন্ধ্যায় না ফিরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানান দিল্লি চলে গিয়েছেন বিশেষ কাজে। পৌঁছে তিনি নিজেই ফোন করবেন বলে জানান।১৫ মে সকাল ১১.২১ নাগাদ তিনি হোয়াটসঅ্যাপ মেসেজে জানান তিনি দিল্লিতে পৌঁছে গিয়েছে। সঙ্গে তিনি আরও জানিয়েছিলেন, তাঁর সঙ্গে VIP রয়েছে, তাই ফোন করার দরকার নেই।”

তারপর ফোনে বাবার সাথে যোগাযোগ করতে না পারায় তার মেয়ে গোপাল বাবুকে জানান যে তিনি তার বাবার সাথে যোগাযোগ করতে পারছেন না। তারপর বিভিন্ন পরিচিতদের সাথে যোগাযোগ করেও তার খোঁজ আর পাওয়া যায়নি। আর তারপরেই ১৮ মে থানায় মিসিং ডায়েরি দায়ের করেন গোপালবাবু।