“রাত সাড়ে ৩টের সময় পুলিশ”-তদন্ত নিয়ে অফিসারের সঙ্গে তুমুল বচসা বিজেপি প্রার্থী হিরণের

ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় আপ্তসহায়ক তমোঘ্ন দে-এর খড়্গপুরের বাড়িতে পুলিশি হানা। খবর পেয়ে রাতেই দাসপুর থেকে খড়গপুরে পৌঁছন হিরণ চট্টোপাধ্যায়।
হিরনের অভিযোগ, কী কারণে এই অভিযান তা জানাচ্ছে না পুলিশ। রেইডের কোনও কাগজ পুলিশ দেখাচ্ছে না বলেও দাবি হিরণের। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য রেল শহর খড়গপুরজুড়ে।
একসময় উপস্থিত অফিসারের উদ্দেশে হিরণকে রীতিমতে আঙুল উঁচিয়ে প্রশ্ন করতে শোনা যায়, ‘আপনি পকেটে হাত দিয়ে কথা বলছেন কেন? আমি একজন বিধায়ক, আপনি পকেটে হাত দিয়ে কথা বলতে পারেন না।’
পালটা পুলিশ অফিসার হিরণকে বলেন, ‘আপনিও আঙুল তুলে কথা বলতে পারেন না।’ একটা সময় হিরণ রীতিমতো হুঁশিয়ারি বলেন, ‘দম থাকে আটকে দেখাবেন।’ হিরণ পুলিশ অফিসারকে আরও বলেন, ‘হাইকোর্টের অর্ডার দেখান।’ পালটা অফিসার বলেন, ‘হাইকোর্টের অর্ডারে তদন্ত হয় না কি? কেস হয়েছে, তাই আমি তদন্তে এসেছি।’
পরে হিরণ বলেন, ‘আমি ঘাটাল লোকসভার প্রার্থী। আমার সেক্রেটারির মা অসুস্থ। হার্টের রোগী। তাঁর বাড়িতে রাত সাড়ে ৩টের সময় পুলিশ তদন্ত করতে এসেছে। তদন্তের কোনও কাগজ দেখাচ্ছে না পুলিশ।’