তৃণমূলের প্রার্থী তালিকায় নাম নেই মিমি-নুসরতের, জেনেনিন মূল কারণ টা কী?

২০২৪-এর লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই পশ্চিমবঙ্গের ৪২টি আসনের প্রার্থী ঘোষণা করে দিলেন মমতা ব্যানার্জী। তালিকায় রয়েছে একাধিক চমক। এবারের তালিকায় স্থান পাননি অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত। তবে রয়েছেন রচনা ব্যানার্জী ও ক্রিকেটার ইউসুফ পাঠান।
মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)? গত ১৫ ফেব্রুয়ারি বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করেছিলেন যাদবপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ মিমি। মমতার সঙ্গে দেখা করার পর তিনি বলেন, ‘‘আমি বিশ্বাস করি, রাজনীতি আমার জন্য নয়। কারণ, রাজনীতি করলে আমার মতো মানুষকে গালাগালি দেওয়ার লাইসেন্স পেয়ে যায় লোকে। আমি জেনেশুনে জীবনে কারও কোনও ক্ষতি করিনি।’’ একই সঙ্গে তাঁর মন্তব্য ছিল, ‘‘আমি রাজনীতিক নই। কখনও রাজনীতিক হবও না। সব সময় আমি কর্মী হিসাবে মানুষের জন্য কাজ করতে চেয়েছি। আমি অন্য দলের কারও বিরুদ্ধেও কখনও খারাপ কথা বলিনি।’’
মিমির পাশাপাশি এবার প্রার্থী করা হয়নি বসিরহাটের সাংসদ নুসরত জাহানকে। বসিরহাটের এই সাংসদকে নিয়ে কম হ্যাপা পোহাতে হয়নি তৃণমূলকে। মাসকয়েক আগে নুসরত ফ্ল্যাট দুর্নীতিতে জড়িয়েছেন। ফ্ল্যাট সংক্রান্ত প্রতারণা মামলার তদন্ত করছে ইডি। নুসরতের বিরুদ্ধে ফ্ল্যাট বিক্রির নামে কোটি কোটি টাকা প্রতারণার মামলা চলছে আলিপুর আদালতে।