25 হাজার বেতনে কোটিপতি! মিউচুয়াল ফান্ডের এই স্কিমে লগ্নি করলেই কেল্লাফতে

অনেকের মনেই ধারণা, বেশি টাকা রোজগার করলেই বেশি সঞ্চয় করা সম্ভব। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সামান্য বেতনেও বিপুল টাকার মালিক হওয়া সম্ভব। শুধু দরকার সঠিক বিনিয়োগের জ্ঞান।
বিশেষজ্ঞদের মতে, মাসে 25,000 টাকা রোজগার করা একজন ব্যক্তিও কোটিপতি হতে পারেন। এর জন্য দীর্ঘ সময় ধরে পরিকল্পনামাফিক বিভিন্ন খাতে বিনিয়োগ করতে হবে।
কোটিপতি হতে হলে আয়ের 20% বিনিয়োগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ, মাসে 25,000 টাকা বেতন পাওয়া ব্যক্তিকে অন্তত 5,000 টাকা বিনিয়োগ করতে হবে। কোথায় বা কোন স্কিমে বিনিয়োগ করা হচ্ছে, তাও গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞরা SIP-র মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন। কারণ এতে চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়ার সুবিধা রয়েছে। এই বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হলেও বাম্পার রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে।
গত কয়েক বছরে SIP-তে গড়ে 12% পর্যন্ত লাভের মুখ দেখতে পেয়েছেন লগ্নিকারীরা। বিশেষজ্ঞদের দাবি, অন্তত 25 বছরের জন্য বিনিয়োগ করলে SIP থেকে বড় রিটার্ন আসতে পারে।
উদাহরণস্বরূপ, যদি কোন ব্যক্তি প্রতি মাসে 5,000 টাকা করে SIP-তে বিনিয়োগ করেন, তাহলে 26 বছর শেষে তার মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে 15.60 লাখ টাকা। বছরে গড়ে 12% হারে রিটার্ন পেলে, সুদ বাবদ তিনি পাবেন 91 লাখ 95 হাজার 560 টাকা।
অর্থাৎ বিনিয়োগ ও সুদ মিলিয়ে SIP-র মাধ্যমে ওই লগ্নিকারী 1.07 কোটি টাকার মালিক হবেন। যদি 25 বছর বয়স থেকে ওই ব্যক্তি বিনিয়োগ করা শুরু করেন তাহলে 51 বছরে পা দিয়ে কোটিপতি হবেন তিনি।
তবে মনে রাখতে হবে, মিউচুয়াল ফান্ডে সুদের হার সারা বছর একরকম থাকে না। বর্তমানে SIP-তে বছরে গড়ে 12% হারে সুদ মিলছে। এই হার নেমে গেলে কোটিপতি হতে আরও বেশি সময় লাগবে। আবার সুদের হার বাড়লে 50-র আগেই ওই টাকা হাতে পেতে পারেন লগ্নিকারী।