‘নাম দেখে বাদ’? সিরাজ বিতর্কে মুখ খুলল বিসিসিআই, দ্বিতীয় টেস্টে ফিরবেন পেসার?

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাননি মহম্মদ সিরাজ। এই পেসারকে প্রথম একাদশের বাইরে রাখা নিয়ে শুরু হওয়া রাজনৈতিক বিতর্কে এবার মুখ খুললেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা। রাজনৈতিক বিতর্কের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে তিনি জানান, কাউকে এভাবে বিতর্ক বা বিবাদের মধ্যে টেনে আনা উচিত নয়। প্রথম একাদশে কে খেলবে, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে কোচ ও অধিনায়কের উপর ছেড়ে দেওয়া উচিত এবং বিষয়টিকে অযথা বড় করে দেখার কোনও প্রয়োজন নেই।
ওয়েলিংটন টেস্টে ভারতের একাদশে সিরাজের জায়গা না পাওয়া নিয়ে কংগ্রেস সাংসদ ইমরান মাসুদের অভিযোগ ছিল, ভাল পারফরম্যান্স সত্ত্বেও শুধুমাত্র নামের কারণে ভারতীয় দল থেকে বাদ পড়েছেন সিরাজ। এর জবাবে রাজীব শুক্লা বলেন, ক্রিকেটের সিদ্ধান্তকে অযথা রাজনৈতিক রং দেওয়া উচিত নয় এবং সিরাজকেও এই বিতর্কের মধ্যে টেনে আনা অনুচিত।
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে শুক্লা বলেন, “সিরাজ না খেলায় যে টেস্ট ম্যাচ ড্র হয়েছে, এমনটা নয়। আমার মনে হয় না, সিরাজকে এই ধরনের বিতর্কের মধ্যে টেনে আনা উচিত। ওকে ঘিরে এমন মন্তব্য করাও ঠিক নয়। শেষপর্যন্ত ও ভারতীয় স্কোয়াডে আছে। জাতীয় দলে জায়গা পাওয়াই সবচেয়ে বড় সাফল্য।”
বিসিসিআই সহ-সভাপতি আরও বলেন, “সিরাজকে দলে নেওয়া হয়েছে। কিন্তু প্রথম একাদশে কোন ১১ জন খেলবে, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কোচ ও অধিনায়কের। পিচের পরিস্থিতি এবং আরও নানা বিষয় বিবেচনা করেই তাঁরা এই সিদ্ধান্ত নেন। কাউকে প্রথম একাদশে রাখা হয়নি বলে রাজনৈতিক বা অন্য কোনও বিতর্ক তৈরি করা একেবারেই উচিত নয়। এতে সিরাজেরও ভালো হবে না। নিশ্চিতভাবেই ও নিজেও এমনটা পছন্দ করবে না।”
উল্লেখ্য, ওয়েলিংটন টেস্টের শেষ দিন জয়ের জন্য ভারতীয় দলের দরকার ছিল আট উইকেট। কিন্তু সারাদিনে মাত্র তিন উইকেট নিতে সক্ষম হন ভারতের বোলাররা। আগামী শুক্রবার শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচে সিরাজ খেলার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।