পুজোর মরশুমে ধামাকা! দুর্দান্ত লুক ও নতুন ফিচারে আসছে টয়োটার জনপ্রিয় হ্যাচব্যাক

টয়োটা মোটরস তাদের অন্যতম জনপ্রিয় হ্যাচব্যাক গাড়ি গ্লানজার ফেসফ্লিট মডেলের অফিশিয়াল টিজার প্রকাশ করেছে। আগামী ১৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাজারে আসতে চলেছে এই নতুন গাড়িটি। টিজার ভিডিওতে গাড়ির সামনের অংশের ডিজাইনে বেশ কিছু নতুন পরিবর্তন নজরে এসেছে, যা গাড়িপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি করেছে। মারুতি সুজুকি ব্যালানোর আপডেট মডেলের আদলেই এই নতুন গ্লানজায় বড় ধরনের পরিবর্তন আনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
সামনের নতুন মেষ-স্টাইল গ্রিল এবং কিছুটা বদলে যাওয়া লোগো প্লেসমেন্ট এই গাড়ির এক্সটিরিয়রে ফ্রেশ লুক এনে দিয়েছে। কোম্পানির লোগোটি এবার গ্রিলের মাঝখান থেকে সরিয়ে সোজা বোনেটের ঠিক সামনের প্রান্তে বসানো হয়েছে। এছাড়া ফগ ল্যাম্পের ডিজাইনেও পরিবর্তন দেখা যেতে পারে। কেবিনের ভেতরেও কিছু প্রিমিয়াম ফিচার যুক্ত করা হতে পারে, যা দৈনন্দিন ড্রাইভকে আরও আরামদায়ক ও আধুনিক করে তুলবে।
পারফরম্যান্সের দিক থেকেও গাড়িটিতে বড় আপডেট আসার সম্ভাবনা রয়েছে। পুরানো ইঞ্জিনের পরিবর্তে এতে নতুন জেড-সিরিজের পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হতে পারে, যা জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি ভালো মাইলেজ দিতে সক্ষম। বর্তমান মডেলের তুলনায় দাম সামান্য বাড়লেও এর উন্নত ফিচার এবং আকর্ষণীয় লুক ক্রেতাদের নজর কাড়বে বলেই আশা করা হচ্ছে। আগামী ১৪ অক্টোবর লঞ্চের দিনই এর সঠিক দাম এবং সমস্ত ভ্যারিয়েন্টের বিস্তারিত তথ্য সামনে আসবে।