আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী! পাত্র সিদ্ধার্থ দত্ত কে? জানুন কীভাবে আলাপ দুজনের

দুদিন আগেই আইনি বিয়ে সেরেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। দীর্ঘদিন ধরে নিজেকে সিঙ্গেল বলে দাবি করার পর অবশেষে মনের মানুষ সিদ্ধার্থ দত্তের সঙ্গে আংটিবদল ও আইনি প্রক্রিয়া সেরেছেন তিনি। জানা গিয়েছে, অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যের আপন দেওর হলেন সিদ্ধার্থ। তবে আগেও একবার বিয়ে হয়েছিল সিদ্ধার্থর। কিন্তু কীভাবে দুজনের আলাপ হলো, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মনে।

ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, পরিচিত মহলের মাধ্যমেই আলাপ হয়েছিল মিমি ও সিদ্ধার্থর। সিদ্ধার্থর এক বোন মিমির বন্ধু এবং সেই সূত্রেই দুজনের পরিচয় হয়। শুরুতে দুজনের মধ্যে কেবল বন্ধুত্বই ছিল, যা ধীরে ধীরে প্রেমে গড়ায়। পশুপ্রেম থেকে শুরু করে জীবনদর্শনেও দুজনের মধ্যে দারুণ মিল রয়েছে। সেই মিল থেকেই একসঙ্গে ঘর বাঁধার সিদ্ধান্ত নেন তাঁরা।

সিদ্ধার্থ অভিনয় জগতের মানুষ নন, পেশায় তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার। ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যের একটি আন্তর্জাতিক শিপিং সংস্থার সঙ্গে যুক্ত আছেন তিনি। শিক্ষানবিশ হিসেবে কেরিয়ার শুরু করলেও দীর্ঘ অভিজ্ঞতায় এখন তিনি ওই সংস্থার সিনিয়র মেরিন ইঞ্জিনিয়ার পদে কর্মরত।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় মিমির বাড়িতেই বসেছিল বিয়ের অনুষ্ঠানের আসর। ওই দিন আইভরি ও সোনালি লুকে ধরা দেন মিমি। লেহেঙ্গা এবং কুন্দনের গয়নায় সেজে ওঠেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিশেষ দিনের ছবি এখন ভাইরাল।

জানা যাচ্ছে, আগামী ৫ ডিসেম্বর কালিম্পংয়ে বসছে মিমি ও সিদ্ধার্থর বিয়ের আসর। তার দুদিন আগেই শুরু হয়ে যাবে প্রি ওয়েডিংয়ের অনুষ্ঠান। এরপর কলকাতায় অনুষ্ঠিত হবে গ্র্যান্ড রিসেপশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *