বাড়িতে ১৫ দিনের চাল-ডাল রাখার পরামর্শ, AI-এর বিপদ নিয়ে বিস্ফোরক দাবি প্রযুক্তিবিদের!

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI একদিকে যেমন মানুষের দৈনন্দিন কাজকে সহজ করে তুলছে, অন্যদিকে এর সম্ভাব্য বিপদ নিয়ে উদ্বেগও পাল্লা দিয়ে বাড়ছে। ইতিমধ্যেই বিশ্বের বহু প্রযুক্তি বিশেষজ্ঞ এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন AI গবেষক নিকোলা জুরকোভিচ, যাঁর সাম্প্রতিক আশঙ্কা রীতিমতো চমকে দিয়েছে সকলকে। তাঁর মতে, ২০২৭ সালে পরিস্থিতি করোনা মহামারীর চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে। এই আশঙ্কা থেকেই তিনি নিজের পরিবারকে বাড়িতে অন্তত দুই সপ্তাহের রেশন, জল এবং নগদ টাকা মজুত রাখার পরামর্শ দিয়েছেন।
নিকোলা জুরকোভিচ METR নামের একটি অলাভজনক সংস্থার টেকনিক্যাল স্টাফ সদস্য। এই সংস্থাটি উন্নত AI সিস্টেমের সঙ্গে জড়িত ঝুঁকিগুলি নিয়ে গবেষণা ও পর্যালোচনা করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি খোলা চিঠি প্রকাশ করেছেন নিকোলা। সেখানে তিনি উল্লেখ করেছেন, গত কয়েক বছর ধরেই AI-এর দ্রুত অগ্রগতি নিয়ে তিনি চিন্তিত ছিলেন এবং এখন সাধারণ মানুষকে এ বিষয়ে স্পষ্টভাবে সতর্ক করার সময় এসেছে বলে তিনি মনে করেন।
খোলা চিঠিতে নিকোলা লিখেছেন, এই প্রথম তাঁর মনে হচ্ছে যে আগামী বছরটি আদৌ মানুষ দেখতে পাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তাঁর দাবি, চলতি বছরেই AI সিস্টেম একাধিক বড় সংস্থার তথ্যে হানা দিয়ে ক্ষতি করেছে। এতদিন সেই ক্ষতি মূলত আর্থিক স্তরে সীমাবদ্ধ থাকলেও, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে তা মানুষের জীবনের ওপর সরাসরি আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
AI ঘিরে এই সম্ভাব্য বিপর্যয়ের পেছনে তিনটি প্রধান কারণের কথা তুলে ধরেছেন নিকোলা। প্রথমত, AI নিজেই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামো বা সিস্টেম হ্যাক করতে পারে। দ্বিতীয়ত, কিছু অসাধু মানুষ AI-এর সাহায্য নিয়ে জৈব অস্ত্র তৈরি করতে পারে। এবং তৃতীয়ত, বিশ্বের শীর্ষ নেতারা যন্ত্রের হাতে প্রয়োজনের চেয়ে বেশি ক্ষমতা তুলে দিতে পারেন।
কঠোর আইন প্রণয়নের দাবি এই বিপদগুলি এড়াতে দ্রুত কঠোর নিয়মকানুন তৈরির ওপর জোর দিয়েছেন নিকোলা। তাঁর মতে, সঠিক নিয়ন্ত্রণ না থাকলে ২০২৭ সালের মধ্যে AI মানুষের বুদ্ধিমত্তাকে ছাপিয়ে যাবে এবং নিজের স্বার্থে মানবজাতির অস্তিত্ব সংকটে ফেলতেও দ্বিধা করবে না। এমনকী আগামী বছরের শেষ নাগাদ পরিস্থিতি এতটাই খারাপ হতে পারে যে মানুষ স্বাভাবিক জীবনযাপন বা উৎসব পালনের অবস্থাতেও থাকবে না বলে তিনি আশঙ্কা করছেন। পাশাপাশি, মানবজাতি টিকে গেলেও বিশ্ব অর্থনীতিতে বড়সড় ধস নামতে পারে এবং আগামী এক দশকে বিপুল সংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়তে পারেন বলে মত তাঁর।
বাড়িতে ১৫ দিনের রেশন ও নগদ রাখার পরামর্শ সম্ভাব্য সংকটের কথা মাথায় রেখে নিকোলা তাঁর পরিবারকে অন্তত ১৫ দিনের খাবার ও জল মজুত রাখতে বলেছেন। একইসঙ্গে হাতে কিছু নগদ টাকা রাখারও পরামর্শ দিয়েছেন তিনি, কারণ সাইবার বা প্রযুক্তিগত বিপর্যয়ে অনলাইন ব্যাঙ্কিং পরিষেবাও ব্যাহত হতে পারে। তাঁর দাবি, আসন্ন এই সংকট করোনা মহামারীর চেয়েও মারাত্মক রূপ নিতে পারে।
আগেও সতর্ক করেছেন শীর্ষ বিশেষজ্ঞরা তবে এখনও পরিস্থিতি সামলানোর সময় রয়েছে বলে মনে করেন নিকোলা। বিশ্বজুড়ে কড়া আইন প্রণয়ন করে AI-এর অনিয়ন্ত্রিত দৌড় থামানোর দাবি জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এর আগেও ‘AI-এর গডফাদার’ হিসেবে পরিচিত জেফ্রি হিন্টন, ইয়োশুয়া বেঙ্গিও সহ একাধিক শীর্ষ গবেষক পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়া সুপার-ইন্টেলিজেন্ট AI তৈরির বিরুদ্ধে সতর্ক করেছিলেন। অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেইও আগামী কয়েক বছরে বহু চাকরির বাজার সংকুচিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন।