সৃজলার পোশাক নিয়ে বিস্ফোরক সুদীপা! বিগ বস বাংলায় মনামী ও জীতুর খেলায় কী বললেন তিনি?

বাবলাতলা টাস্কের মাধ্যমে দর্শকদের মনে আরও একবার বিশেষ জায়গা করে নিয়েছেন মনামী ঘোষ। এমনিতেই তিনি এভারগ্রিন। পুরো সিজন জুড়ে মনামীর সংযত ব্যবহার নজর কেড়েছে। যতই কথা কাটাকাটি হোক না কেন, তিনি কোনোদিন সীমা ছাড়িয়ে যাননি। এমনকি জীতুর দুবার আক্রমণ কিংবা সৃজলা বা রাজবীরের সঙ্গে তর্কের মাঝেও বরাবর মার্জিত থেকেছেন মনামী। শেষ সপ্তাহে নমিনেশনে না এসেই বিগ বসের ফাইনালের সপ্তাহে পৌঁছে গিয়েছেন তিনি।
বাবলাতলা টাস্কে মনামীর পারফরম্যান্সের প্রশংসা করে সুদীপা চট্টোপাধ্যায় লিখেছেন, ওস্তাদের মার শেষ রাত্তিরে প্রবাদটি বিগ বস বাংলায় সত্যি প্রমাণ করেছেন মনামী ঘোষ। কত সুন্দর, সাবলীল এবং চিন্তাশীল উত্তর দিয়েছেন তিনি। নিজের মার্জিত রুচির পরিচয় দিয়েছেন মনামী। কাউকে আঘাত না করে এবং অন্যের অনুভূতিকে সম্মান জানিয়ে কাউকে প্রত্যাখ্যান না করেই কীভাবে সহজে বন্ধু বানিয়ে নেওয়া যায়, তা একটি মাত্র চিঠিতে বুঝিয়ে দিয়েছেন। রাজবীর অভিজ্ঞতায় অনেক পিছিয়ে জেনেও তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার কথা বলেছেন মনামী। একমাত্র অভিজ্ঞ এবং আত্মবিশ্বাসী মানুষই প্রকাশ্যে এমন কথা বলতে পারেন, যা সত্যিই প্রশংসার দাবি রাখে। শেষে জলে নেমে পুরনো প্রবাদ মনে করিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, কারও জন্য তিনি কোমর জলে নামতে রাজি। এই সুন্দর মনোভাব থেকেই বোঝা যায় তিনি কতটা ইতিবাচক। এক কথায়, কারও সঙ্গে কাদা ছোঁড়াছুড়ি না করে নিজের জায়গা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন মনামী। তিনি সত্যিই এক ডিভা।
মনামীর পাশাপাশি বিগ বসের ঘরের বাকি প্রতিযোগীদের নিয়েও নিজের মতামত প্রকাশ করেছেন সুদীপা। জীতুর প্রসঙ্গে তিনি লিখেছেন, জীতু জানে সে কী করছে, সে বোকা নয়। সামনের সপ্তাহে সে বুঝিয়ে দেবে সে কী জিনিস। উল্লেখ্য, জীতু ও সুদীপা একসঙ্গে সিনেমায় কাজ করেছেন এবং অতীতে বিভিন্ন বিতর্কে জীতুর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে সুদীপাকে।
তবে বিগ বসের ঘরে জীতুর ঘনিষ্ঠতা যাকে নিয়ে, সেই সৃজলার ওপর যে সুদীপা খুব একটা খুশি নন, তা তাঁর পোস্ট থেকেই স্পষ্ট হয়েছে। বাবলাতলা টাস্কের দ্বিতীয় দিনে ফুটবল খেলার সময় সৃজলার লাল পোশাক প্রসঙ্গে সুদীপা লিখেছেন, ওই ধরনের পোশাক পরে কেন কেউ ফুটবল খেলতে আসে তা বোঝা গেল না, অসভ্যতার একটা সীমা থাকে।
পাশাপাশি তনুশ্রীর উদ্দেশে সুদীপা লিখেছেন, সেলেব্রিটি হতে গেলে এখনো অনেক কিছু প্রমাণ করার বাকি রয়েছে, সেটা তাঁকে বুঝতে হবে। অন্যদিকে রাজবীরের প্রশংসা করে সুদীপার বার্তা, নিজের সততা দেখিয়ে যে চিঠিটা ছিঁড়ে ফেলেছে, ওই একটি কাজেই সব ভোট তার প্রাপ্য।