২০ লিটার দুধ আর গোলাপ পাপড়িতে স্নান করেন রবি কিষাণ? মাধুরীর সামনে ফাঁস আসল সত্য

বলিউড ও ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেতা রবি কিষাণ নিজের স্পষ্ট কথা আর রসবোধের জন্য দর্শকদের কাছে খুব প্রিয়। সম্প্রতি মাধুরী দীক্ষিতের সঞ্চালনায় মারাঠি রিয়্যালিটি শো কোণ হওনার ক্রোড়পতিতে অতিথি হিসেবে এসেছিলেন তিনি। সেখানে নিজের সম্পর্কে ছড়িয়ে পড়া এক অদ্ভুত গুজবের আসল সত্য সামনে আনেন রবি। রটে গিয়েছিল, প্রতিটি শট দেওয়ার আগে নাকি ২০ লিটার দুধ এবং গোলাপের পাপড়ি দিয়ে স্নান করেন তিনি। এই আজব গুজব নিয়ে মাধুরীর সামনেই মুখ খোলেন অভিনেতা।
অনুষ্ঠানের মাঝে মাধুরী দীক্ষিত রবি কিষাণকে জিজ্ঞেস করেন, নিজের সম্পর্কে শোনা কোন গুজবটি তাঁকে সবচেয়ে বেশি অবাক করেছে। উত্তরে হেসে রবি জানান, তাঁর সম্পর্কে সবচেয়ে মজার ও অদ্ভুত গুজব হলো—প্রতিটি শুটিংয়ের আগে তিনি দুধ ও গোলাপের পাপড়ি দিয়ে স্নান করেন।
নিজের প্রতিক্রিয়ায় রবি কিষাণ বলেন, লোকে বলে তিনি নাকি ২০ লিটার দুধ দিয়ে স্নান করে তারপর শট দেন। এ কথা শুনে তিনি হাসতে হাসতে পড়ে গিয়েছিলেন।
রবি কিষাণ ব্যাখ্যা করেন, শুটিংয়ে যাওয়ার আগে সকালের ফ্লাইট ধরার জন্য তিনি সারারাত গোরক্ষপুরের বিভিন্ন ঘাটে ঘুরে কাজ সামলেছেন। এরপর মাধুরীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি তো আমার সঙ্গে কাজ করেছেন, কখনো কি আমাকে এমন কিছু করতে দেখেছেন।
মাধুরী দীক্ষিত সঙ্গে সঙ্গে সেই গুজব উড়িয়ে দেন। তিনি জানান, রবি কিষাণ বরং অনেক সময় সারারাত ভ্রমণ করে সরাসরি শুটিং সেটে পৌঁছে যেতেন। উল্লেখ্য, চলতি বছরেই নেটফ্লিক্সে মুক্তি পাওয়া মা বহেন ছবিতে একসঙ্গে কাজ করেছেন মাধুরী ও রবি কিষাণ। তৃপ্তি দিমরি ও ধরনা দুর্গা অভিনীত এই ছবিটি দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে।
অন্যদিকে, করণ জোহরের চ্যাট শো কফি উইথ করণের সাম্প্রতিক পর্বেও অক্ষয় কুমারের সঙ্গে দেখা গিয়েছে রবি কিষাণকে। সেখানে অক্ষয়ের সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়ার পাশাপাশি নিজের শুরুর দিকের কঠিন সংগ্রামের কথাও বলেন তিনি। রবি জানান, অভিনয়ে আসার ইচ্ছার কথা জানার পর তাঁর বাবা তাঁকে খুব মারধর করেছিলেন, এমনকি বাড়িতে থাকলে বাবা হয়তো তাঁকে মেরেই ফেলতেন। সেই কঠিন সময়ে তাঁর মা হাতে সামান্য কিছু টাকা দিয়ে তাঁকে বাড়ি থেকে বেরিয়ে যেতে সাহায্য করেছিলেন।